ক্যানসার ইনজেকশন চালু করল ভারত, প্রতি ডোজের দাম কত

ক্যানসার ইনজেকশন চালু করল ভারত, প্রতি ডোজের দাম কত
নিউজ ডেস্ক
১৮ মে ২০২৬

ভারতে ফুসফুসের ক্যানসারের চিকিৎসায় নতুন ধরনের দ্রুত কার্যকর ইনজেকশন চালু করেছে রোশ ফার্মা ইন্ডিয়া। ‘টিসেন্ট্রিক’ নামে পরিচিত এই ইনজেকশনটি মূলত নন-স্মল সেল লাং ক্যানসারে আক্রান্ত রোগীদের জন্য ব্যবহৃত হবে।

প্রচলিত ইমিউনোথেরাপিতে রোগীদের দীর্ঘ সময় ধরে স্যালাইনের মাধ্যমে ওষুধ নিতে হয়। তবে নতুন এই প্রযুক্তিতে ওষুধ সরাসরি ত্বকের নিচে প্রয়োগ করা হয় এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় মাত্র সাত মিনিটে।

বিশেষজ্ঞদের মতে, এতে রোগীদের হাসপাতালে কম সময় থাকতে হবে এবং চিকিৎসা প্রক্রিয়াও হবে অনেক সহজ। বিশেষ করে বয়স্ক রোগী এবং দূরবর্তী এলাকা থেকে চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা এ সুবিধা বেশি পাবেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই চিকিৎসায় ব্যবহৃত ওষুধ অ্যাটেজোলিজুম্যাব শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করতে কাজ করে। এটি পিডি-এল১ নামের একটি প্রোটিনকে ব্লক করে, যার মাধ্যমে ক্যানসার কোষ সাধারণত শরীরের প্রতিরোধ ব্যবস্থার চোখ এড়িয়ে যায়। প্রোটিনটি নিষ্ক্রিয় হয়ে গেলে শরীরের প্রতিরোধ ব্যবস্থা ক্যানসার কোষ শনাক্ত করে আক্রমণ করতে সক্ষম হয়।

চিকিৎসকদের ভাষ্য, যেসব রোগীর শরীরে পিডি-এল১-এর মাত্রা বেশি, তারা এই চিকিৎসা থেকে বেশি উপকার পেতে পারেন। ধারণা করা হচ্ছে, নন-স্মল সেল লাং ক্যানসারে আক্রান্ত প্রায় অর্ধেক রোগী এ চিকিৎসার উপযোগী হতে পারেন।

তবে নতুন এই চিকিৎসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এর ব্যয়। প্রতি ডোজের দাম প্রায় ৩ লাখ ৭০ হাজার ভারতীয় রুপি। অনেক রোগীর ক্ষেত্রে একাধিক ডোজ প্রয়োজন হওয়ায় মোট চিকিৎসা ব্যয় অত্যন্ত বেশি হতে পারে।

খরচ কমাতে প্রতিষ্ঠানটি ‘ব্লু ট্রি’ নামে সহায়তা কর্মসূচি চালু করেছে। পাশাপাশি ভারতের সরকারি স্বাস্থ্যসেবা প্রকল্প সিজিএইচএসের আওতায় ওষুধটি অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে কিছু রোগী আর্থিক সহায়তা পেতে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ ব্যয় সত্ত্বেও দ্রুত প্রয়োগ, কম সময় হাসপাতালে থাকা এবং তুলনামূলক কম পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে এই প্রযুক্তি ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে।