যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫
নিউজ ডেস্ক
১৯ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো শহরের একটি ইসলামিক সেন্টারের মসজিদে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে মসজিদের এক নিরাপত্তাকর্মীসহ ৩ জন নিহত হয়েছেন। হামলার পর দুই কিশোর হামলাকারীর মরদেহও উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সময় সোমবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। যে ইসলামিক সেন্টারে হামলা হয়েছে, সেটি একটি ইসলামি স্কুল ও মসজিদ কমপ্লেক্স। সংশ্লিষ্ট মসজিদটি স্যান ডিয়েগোর বৃহত্তম মসজিদগুলোর একটি বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, হামলার সময় স্কুলে ক্লাস ও অন্যান্য নিয়মিত কার্যক্রম চলছিল। তবে কোনো শিশু হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি গাড়ির ভেতর দুই হামলাকারীর মরদেহ পাওয়া যায়। তাদের বয়স যথাক্রমে ১৭ ও ১৯ বছর।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্যান ডিয়েগো পুলিশের প্রধান স্কট ওয়াল বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলার পর নিজেদের অস্ত্র দিয়েই আত্মহত্যা করেছে ওই দুই কিশোর।

হামলার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ। তবে মুসলিমদের প্রতি বিদ্বেষ বা ঘৃণাপ্রসূত মনোভাব থেকে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং মার্কিন তদন্ত সংস্থা ফবিআইয়ের সহায়তা চাওয়া হয়েছে।

মসজিদের ইমাম তাহা হাসান বলেন, “উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা অত্যন্ত ভয়াবহ একটি ঘটনা। আমরা আগে কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হইনি।”

ঈদুল আজহার কয়েক দিন আগে ঘটে যাওয়া এ হামলায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।