পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার
পশ্চিমবঙ্গে কোরবানির ঈদ উপলক্ষে সরকারি ছুটির মেয়াদ কমানো হয়েছে। নতুন প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার ঈদে একদিনের সরকারি ছুটি থাকবে।
শনিবার (২৩ মে) রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ মে কোরবানির ঈদ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে আগে নির্ধারিত দুই দিনের ছুটির পরিবর্তে এবার একদিনই ছুটি কার্যকর হবে।
এর আগে বছরের শুরুতে প্রকাশিত সরকারি ছুটির তালিকায় ঈদ উপলক্ষে ২৬ ও ২৭ মে দুই দিনের ছুটি রাখা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্তে কেন্দ্রীয় সরকারের ছুটির সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ছুটির মেয়াদ পুনর্নির্ধারণ করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক কার্যক্রমে গতি আনা, সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি জোরদার করা এবং জনসেবার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে অফিসে উপস্থিতি ও কর্মদক্ষতার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঈদের ছুটি কমানোর সিদ্ধান্ত প্রকাশের পর সরকারি কর্মচারীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকে জানতে চাইছেন, ভবিষ্যতে অন্যান্য উৎসবের দীর্ঘ ছুটির ক্ষেত্রেও কোনো পরিবর্তন আনা হবে কি না।
সূত্র: পুবের কলম


