তৃণমূলে নেতৃত্বে পরিবর্তন, চেয়ারম্যান হলেন অরূপ রায়
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন আনা হয়েছে। দলের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে হাওড়ার বিধায়ক অরূপ রায়কে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। একই সঙ্গে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করে একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন মুখের দায়িত্ব ঘোষণা করা হয়েছে।
সোমবার (২২ জুন) কলকাতার নিউটাউনের একটি হোটেলে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দলের প্রায় ৬০ জন বিধায়ক ও কলকাতা পুরসভার অন্তত ৭০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। বৈঠকের নেতৃত্ব দেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
বৈঠকে দলের সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন না হওয়ায় নতুন নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। পরে ধ্বনি ভোটে অরূপ রায়ের নাম অনুমোদিত হয়।
নতুন কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথিন ঘোষ ও সাবিনা ইয়াসমিন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান ও সন্দীপন সাহাকে। কোষাধ্যক্ষ করা হয়েছে আখরুজ্জামান আনসারিকে। এছাড়া দলের অতীত আর্থিক কার্যক্রম পর্যালোচনার জন্য নিরীক্ষক নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই রদবদল তৃণমূল কংগ্রেসে নতুন নেতৃত্বের উত্থান এবং সাংগঠনিক পুনর্গঠনের স্পষ্ট ইঙ্গিত বহন করছে। রাজ্যে ক্ষমতা হারানোর পর দলের ভেতরে যে পরিবর্তনের দাবি জোরালো হচ্ছিল, এই সিদ্ধান্তকে তারই বাস্তব প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
দীর্ঘদিন ধরে দলের প্রধান মুখ হিসেবে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিয়েছে। এখন নতুন নেতৃত্বের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলকে ঐক্যবদ্ধ রাখা এবং বিরোধী রাজনীতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করা।


