ভারতের সীমান্তবর্তী ৩ এলাকায় ভূমিকম্প, নজরদারিতে পরিস্থিতি
সোমবার (২৯ জুন) ভোরে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের উত্তর-পূর্বাঞ্চলের তিনটি রাজ্যে এক ঘণ্টার মধ্যে তিনটি মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্র (এনসিএস) জানায়, বাংলাদেশ সময় ভোর ৪টা ১৩ মিনিটে মণিপুরের কাংপোকপি এলাকায় প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৫৯ কিলোমিটার গভীরে।
এর মাত্র পাঁচ মিনিট পর, ভোর ৪টা ১৮ মিনিটে অরুণাচল প্রদেশ-ভুটান সীমান্ত এলাকায় দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। এটির মাত্রা ছিল ৩ এবং কেন্দ্রের গভীরতা ছিল ৭ কিলোমিটার।
সবশেষে ভোর ৫টা ৫ মিনিটে বাংলাদেশের সীমান্তঘেঁষা মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড় এলাকায় ২ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
পরপর তিনটি ভূমিকম্পে স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও কম মাত্রার হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।


