স্কুলের ছাদ ধসে পাকিস্তানে ২৮ জন নিহত, বেশির ভাগই শিশু

স্কুলের ছাদ ধসে পাকিস্তানে ২৮ জন নিহত, বেশির ভাগই শিশু
১৫ অক্টোবর ২০২৬

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীদের অধিকাংশের বয়স ১৩ বছরের নিচে। ধ্বংসস্তূপের নিচে আরও শিশু আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পেশোয়ারের দির কলোনিতে অবস্থিত আল-খায়ের এডুকেশন সেন্টার নামের বিদ্যালয়টিতে এ দুর্ঘটনা ঘটে। ধসের ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, নিহতদের বেশির ভাগকে হাসপাতালে নেওয়ার আগেই মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় আহত আরও ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সরকারি কর্মকর্তা বিলাল ফাইজি জানান, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কাজ করছে।

উদ্ধারকারী দলের এক কর্মকর্তা জানান, ভবনের ওপরের তলার ছাদ প্রথম তলার ছাদের ওপর ধসে পড়ে। পরে নিচের অংশও ভেঙে পড়লে শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।

জেলা জরুরি বিভাগের কর্মকর্তা ইফতিখার খান জানান, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে অন্তত ৪৫ শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে আরও শিশু সেখানে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাস্থলের টেলিভিশন ফুটেজে দেখা গেছে, একের পর এক অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছাচ্ছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আহত ও রক্তাক্ত শিশুদের বের করে আনছেন।

উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।