বিভেদ ভুলে মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান ইরানের

বিভেদ ভুলে মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান ইরানের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফাইল ছবি

২৭ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ড মোকাবিলা এবং মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার প্রচেষ্টা ঠেকাতে মুসলিম দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, মুসলিম দেশগুলোর ঐক্য, নিরাপত্তা ও উন্নয়নে সহযোগিতা করতে প্রস্তুত তেহরান।

ইরানের রাজধানী তেহরানে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিনের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন পেজেশকিয়ান।

বৈঠকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের সমালোচনা করেন ইরানি প্রেসিডেন্ট। গাজা, লেবানন ও ইরানসহ অঞ্চলের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং ঐক্য সুদৃঢ় করা জরুরি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পেজেশকিয়ানের মতে, মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট প্রচেষ্টার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা জোরদারে ইরান সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কথা বলেন পেজেশকিয়ান। তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো লক্ষ্য নেই। তবে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) অনুযায়ী শান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার তেহরানের রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় যুক্তরাষ্ট্রের নীতিরও সমালোচনা করেন ইরানের প্রেসিডেন্ট। তাঁর অভিযোগ, ওয়াশিংটন একদিকে তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে ইরান ও দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। এ ধরনের অবস্থানকে তিনি যুক্তরাষ্ট্রের ‘পরস্পরবিরোধী নীতি’ হিসেবে বর্ণনা করেন।

পেজেশকিয়ানের বক্তব্যে আঞ্চলিক ঐক্য, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ড পরিচালনার অধিকারের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।

 

সূত্র: আল-জাজিরা