স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬, আরও প্রাণহানির শঙ্কা
স্পেনের তোলেদো অঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে বলে খবর পাওয়া গেছে। ভয়াবহ এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট।
বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর মাদ্রিদ থেকে সেভিলগামী রেলপথে মোরাসহ ও অর্গাজ শহরের মধ্যবর্তী এলাকায় রেনফে ও ইরিও পরিচালিত দুটি দ্রুতগতির ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার সময় ট্রেন দুটিতে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে একটি খাদের মধ্যে ট্রেনের বগি কাত হয়ে পড়ে থাকতে দেখা যায়। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়। আহতদের উদ্ধার ও হতাহতদের শনাক্তে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ৫৪ বছর বয়সী যাত্রী জেসুস জেরোনিমো স্পেনের সংবাদমাধ্যম এল পাইসকে জানান, সংঘর্ষের সময় যাত্রীরা ট্রেনের ভেতরে ছিটকে পড়েন। প্রথমে তারা ভেবেছিলেন, ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। পরে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসে দেখতে পান, তাদের ট্রেনের বগি কাত হয়ে আছে। সেখানে অনেক আহত মানুষ ছিলেন এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছেন তিনি।
দুর্ঘটনার কারণে ওই রেলপথে চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। উদ্ধারকাজের পাশাপাশি হতাহতের প্রকৃত সংখ্যা নির্ধারণ এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানের প্রস্তুতি চলছে।


