মব জাস্টিস ঠেকাতে ব্যর্থ হলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
রাজধানীতে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা—মব জাস্টিস—রোধে পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, কোনো পুলিশ সদস্য যদি এ ধরনের ঘটনা ঠেকাতে ব্যর্থ হন, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর রাজারবাগে জাইকার সহায়তায় আয়োজিত ‘সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার বলেন,
“আমরা মব জাস্টিস অ্যালাউ করছি না। ইতোমধ্যে বেশ কয়েকটি মামলাও নেওয়া হয়েছে। কোনো ঘটনায় পুলিশ সদস্যরা দায়িত্বে অবহেলা করলে তাদের সাসপেন্ড করা হয়েছে, শাস্তিও দেওয়া হয়েছে।”
তিনি জানান, উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদার গাড়িতে হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।
সাধারণ জনগণের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন,
“কোনো অপরাধীকে ধরার দায়িত্ব পুলিশের। কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয়। পুলিশের দায়িত্বে গাফিলতি হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, অপরাধী শনাক্ত করে রাতের বেলায় বাড়িতে গিয়ে হামলা, দরজা ভাঙচুর বা ভয়ভীতি দেখানোর মতো ঘটনাও বরদাস্ত করা হবে না।
চাঁদাবাজির বিষয়ে প্রশ্ন করা হলে শেখ মো. সাজ্জাত আলী বলেন,
“যেকোনো চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছি। আদাবর থানায় চাঁদাবাজির ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে।”
অনুষ্ঠানে ডিএমপি ও জাইকার যৌথ উদ্যোগে আয়োজিত ‘সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা’-তে ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার ও জাইকার কর্মকর্তারা।


