রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে ড. ইউনূসের অভিনন্দন

জাতীয়
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে ড. ইউনূসের অভিনন্দন
২০ আগস্ট ২০২৬

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান তিনি।

শুভেচ্ছাবার্তায় অধ্যাপক ইউনূস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময়ের। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও তার দীর্ঘ পথচলা নিবিড়ভাবে সম্পৃক্ত।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মির্জা ফখরুলের সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং তৃণমূলের মানুষের সঙ্গে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতার প্রশংসা করেন তিনি। এসব গুণ তাকে জাতীয় রাজনীতিতে স্বতন্ত্র অবস্থান তৈরি করে দিয়েছে বলেও উল্লেখ করেন অধ্যাপক ইউনূস।

একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে মির্জা ফখরুল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শুভেচ্ছাবার্তায় অধ্যাপক ইউনূস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা রয়েছে। একই সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন ফল ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে মির্জা ফখরুলকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান।