পুলিশের সাইবার সক্ষমতা বাড়াতে বিশেষ ইউনিট গঠন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়
পুলিশের সাইবার সক্ষমতা বাড়াতে বিশেষ ইউনিট গঠন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ সেপ্টেম্বর ২০২৬

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও মনোবল বাড়াতে দেশি-বিদেশি উচ্চতর প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) বোর্ডরুমে পরিচালনা বোর্ডের ২১তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ বাহিনীতে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার সায়েন্সের শিক্ষাগত ও পেশাগত দক্ষতা থাকা অনেক সদস্য রয়েছেন। তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে সাইবার সিকিউরিটি ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, বর্তমানে পুলিশ সদর দপ্তর, ডিএমপির সাইবার ইউনিট ও সিআইডির মাধ্যমে অ্যাডহক ভিত্তিতে বিভিন্ন ডিজিটাল অপরাধের তদন্ত ও ফরেনসিক বিশ্লেষণ করা হচ্ছে। তবে সাইবার অপরাধ মোকাবিলায় এসব কার্যক্রমকে আরও কার্যকর করতে একটি স্থায়ী ও সমন্বিত প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রয়োজন রয়েছে।

পুলিশের সক্ষমতা ও মনোবল বাড়াতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, মাস্টার ট্রেইনার পর্যায়ের কর্মকর্তাদের আরও দক্ষ ও কার্যকর করে তুলতে অভ্যন্তরীণ প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ বাড়ানো প্রয়োজন। প্রয়োজনে বিদেশ থেকে প্রশিক্ষক এনে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গড়ে তোলার মাধ্যমে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়ানো হবে। এর ফলে সাইবার স্পেসসহ বিভিন্ন ধরনের অপরাধ মোকাবিলায় পুলিশ বাহিনীকে আরও প্রস্তুত করে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পরিচালনা বোর্ডের ভাইস চেয়ারম্যান মনজুর মোর্শেদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএটিসির রেক্টর সাঈদ মাহবুব খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুল মতিন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস এবং মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামীম সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।