দেশের গর্বের সন্তানদের অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

জাতীয়
দেশের গর্বের সন্তানদের অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

১৭ সেপ্টেম্বর ২০২৬

দেশের মানুষের মেধা, যোগ্যতা ও ভালো অর্জনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতার মাধ্যমে যে কোনো ভালো অর্জন করলে সরকার রাষ্ট্রের পক্ষ থেকে সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন হলে তা দেওয়া হবে বলেও জানান তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুরস্কারজয়ী হাফেজদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, সৌদি আরবে অর্জিত এই সাফল্য শুধু প্রতিযোগীদের ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলাদেশের সব মুসলমানেরও অর্জন।

তিনি বলেন, ‘আমরা চাই, আমাদের ছেলেমেয়েরা এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক। অংশগ্রহণের মাধ্যমে তারা নিজেদের, দেশের এবং দেশের মানুষের জন্য সম্মান ও গৌরব বয়ে আনুক।’

দেশের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের মানুষের জন্য কাজ করতে চায়। সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সৌদি আরবে অনুষ্ঠিত এবারের আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীরা অংশ নেন। এতে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া ১৫ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন।

অন্যদিকে হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী ৩০ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন।

এ ছাড়া হাফেজা রাবেতা বিনতে রমজান ১৫ পারা এবং হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ ৩০ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন।