জাতিসংঘ মহাসচিবের ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশনে’ প্রধানমন্ত্রী

জাতীয়
জাতিসংঘ মহাসচিবের ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশনে’ প্রধানমন্ত্রী
২২ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশনে’ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে এ প্রাতরাশ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরের আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে যোগ দেন। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হওয়া প্রাতরাশ সভার পর সকাল ৯টায় প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে যোগ দেন। ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই হবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম বক্তব্য।

জাতিসংঘের এবারের অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। অধিবেশনের প্রতিপাদ্য—‘Restoring trust, managing transformation: A United Nations that delivers for all’।

থাকছে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক

জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সফরসূচিতে তুরস্ক, ভুটান, পাকিস্তান, থাইল্যান্ড, ক্রোয়েশিয়া, হাইতি ও কুয়েতের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

এ ছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি, বিশ্বব্যাংক গ্রুপের সভাপতি, মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত এবং জাতিসংঘের শরণার্থী ও মানবাধিকারবিষয়ক হাইকমিশনারদের সঙ্গেও সাক্ষাতের কর্মসূচি রয়েছে।

সফরের বিভিন্ন পর্যায়ে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জাতিসংঘের কর্মসূচির পাশাপাশি অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে মেটা, ওয়াল স্ট্রিট ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের সূচি রয়েছে। এসব আলোচনায় বাংলাদেশের বিনিয়োগ, শিল্প, অবকাঠামো, প্রযুক্তি ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।