রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান, ব্যাখ্যা দিল ইসলামাবাদ

জাতীয়
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান, ব্যাখ্যা দিল ইসলামাবাদ
২৯ সেপ্টেম্বর ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী একটি বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। কেন ওই বিমানকে নির্ধারিত সময়ে পাকিস্তানের আকাশসীমা দিয়ে যেতে দেওয়া হয়নি, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তার ব্যাখ্যা দিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের দাবি, এ সিদ্ধান্তের সঙ্গে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নয়। বরং ফ্লাইটের রুট নির্ধারণ এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষেত্রে কারিগরি ও প্রক্রিয়াগত বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক ফ্লাইট এবং আকাশসীমা ব্যবহারের অনুমতির জন্য পাওয়া সব আবেদন দেশটির প্রচলিত নিয়ম, বেসামরিক বিমান চলাচলবিষয়ক প্রটোকল ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিবৃতিতে বলা হয়, রূপপুর প্রকল্পের জ্বালানি পরিবহন নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে যে বিষয়টি উঠে এসেছে, সেটি মূলত ফ্লাইটের রুট নির্ধারণ এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি সংক্রান্ত কারিগরি ও প্রক্রিয়াগত ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত। এ ধরনের বিষয়ে সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের প্রয়োজন হতে পারে।

পাকিস্তান হাইকমিশন আরও জানায়, এসব প্রক্রিয়ার কারণে কোনো কোনো ক্ষেত্রে ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তনও আসতে পারে।

ইসলামাবাদ বলেছে, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিষয়টিকে যথাযথ কারিগরি প্রেক্ষাপটে দেখা উচিত। একই সঙ্গে এমন কোনো প্রতিবেদন বা বক্তব্যকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি, যা দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এর আগে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি বহনকারী বিমানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে বিমানটি বাংলাদেশে আসতে পারেনি।

সেসময় পাকিস্তান কেন অনুমতি দেয়নি, তার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা তৈরি হলে মঙ্গলবার আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয় পাকিস্তান হাইকমিশন।

রূপপুর প্রকল্পের কর্মকর্তারা জানান, রাশিয়া থেকে ইউরেনিয়াম পরিবহনে নির্ধারিত রুটে একাধিক দেশের আকাশসীমা ব্যবহার করতে হয়। পাকিস্তানের অনুমতি না পাওয়ায় সংশ্লিষ্ট ফ্লাইটটি স্থগিত করা হয়।

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, রূপপুরের জন্য ইউরেনিয়াম সরবরাহ অক্টোবর থেকে আবার শুরু করার পরিকল্পনা রয়েছে। বছরের শেষ নাগাদ নির্ধারিত চালানগুলো সম্পন্ন করার লক্ষ্য রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহের সময়সূচিতে এই জটিলতার প্রভাব কতটা পড়বে, তা নির্ভর করছে বিকল্প পরিবহন রুট ও পরবর্তী চালানগুলোর সময়সূচির ওপর।