আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনাকে ব্যাখ্যার নির্দেশ, দুই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমে হস্তক্ষেপ ও বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। এ সংক্রান্ত নোটিশ আগামী ৭ দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৫ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি ভারত থেকে দেওয়া একটি বক্তব্যে বিচার কার্যক্রম সম্পর্কে শেখ হাসিনার মন্তব্যের বিষয়ে ফরেনসিক পরীক্ষায় সত্যতা পাওয়া গেছে। ওই বক্তব্যে তিনি বলেন, “২২৫টি মামলা করেছি, ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি”—যা তদন্তকারীদের মতে বিচার ব্যবস্থাকে হুমকি ও প্রভাবিত করার সামিল।
আদালত মনে করছেন, এ ধরনের মন্তব্য বিচারকাজে হস্তক্ষেপ ও আদালতের মর্যাদা ক্ষুণ্ন করতে পারে। এজন্য শেখ হাসিনাকে নিজ বক্তব্যের ব্যাখ্যা দিতে এবং আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে প্রসিকিউশন টিম আদালতে শেখ হাসিনার বিতর্কিত অডিও রেকর্ড উপস্থাপন করে। আদালতের নির্দেশে রেকর্ডটির ফরেনসিক বিশ্লেষণও করা হয়।
আদালত অবমাননার এ মামলার পরবর্তী শুনানির দিন পরে জানানো হবে বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।


