খালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন জোবাইদা রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করতে প্রস্তুত হয়েছেন। তার দেশে ফেরার লক্ষ্য—সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করা এবং প্রয়োজন হলে তার লন্ডনে স্থানান্তরে সঙ্গে থাকা।
বিবিসিকে দেওয়া বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্রের তথ্যমতে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কার্যক্রম চলমান। জোবাইদা রহমান ঢাকায় পৌঁছে মেডিকেল বোর্ডের সাথে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এদিকে কাতার জানিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে তারা এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহে প্রস্তুত। এতে তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তরের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী দোয়ার আহ্বান জানিয়েছে, খালেদা জিয়ার আরোগ্য কামনায়।
বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং জানায়, গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন না এলেও চিকিৎসকরা একে “স্থিতিশীল” বলে মনে করছেন।
এমন সংকটময় পরিস্থিতিতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিল ঢাকায় এসে খালেদা জিয়ার চিকিৎসক দলে যুক্ত হয়েছেন।
খালেদা জিয়া গত ২৩ নভেম্বর গুরুতর ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে কিডনি জটিলতা, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তার অবস্থা আরও অবনতি ঘটে।
১ ডিসেম্বর দলের পক্ষ থেকে জানানো হয়, তার শরীরিক সংকট বেড়ে যাওয়ায় তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়, যার নেতৃত্বে আছেন অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার। এই বোর্ডের সদস্য হিসেবেই রয়েছেন ডা. জোবাইদা রহমান।
ইতোমধ্যে বোর্ডে যুক্ত হয়েছে যুক্তরাজ্য ও চীন থেকে আগত দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল।


