বাম জোটের যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে ১২ নেতা আহত
বিদেশি কোম্পানির সঙ্গে দেশের বন্দর নিয়ে করা রাষ্ট্রীয় চুক্তির প্রতিবাদে রাজধানীর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি চলাকালীন পুলিশের লাঠিচার্জে ১২ বামপন্থী নেতাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহতদের মধ্যে রয়েছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রুহুল আমিন (৪৫),বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জহুর লাল রায় (৩৫),ছাত্র ইউনিয়নের সদস্য অন্ত অবিন্দম (২৫),খিলগাঁও থানার ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ রাফিন (২৫),ছাত্র ইউনিয়নের সদস্য রাসেল আহমেদ (২৪),ছাত্র ইউনিয়নের সদস্য সোয়াইব আহমেদ আসিফ (২৪),বাসদ ও মার্কসবাদী নির্বাহী ফোরামের সদস্য সীমা দত্ত (৫২),সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি শাহিনুর আক্তার সুমি (২৮),গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী (৩০),গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় অর্থ সম্পাদক স্বাকাই ইসলাম (২৫),ঢাকা মহানগর গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সদস্য রাকিব আহমেদ,ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রিজম ফকির।
সিপিবি নেতা ইকবাল হোসেন জানান, “আমরা বিদেশি কোম্পানির সঙ্গে দেশের বন্দর নিয়ে করা চুক্তির প্রতিবাদে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা ঘেরাও কর্মসূচি হাতে নিয়েছিলাম। যমুনা অভিমুখে রওনা দিলে পুলিশ আমাদের বাধা দেয় এবং লাঠিচার্জ করে। এতে আমাদের ১২ জন নেতাকর্মী আহত হন।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।


