নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: তারেক রহমান

রাজনীতি
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: তারেক রহমান
নিউজ ডেস্ক
৯ মে ২০২৬

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকারের পক্ষে সফল হওয়া সম্ভব নয়।

এসময় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে জন্য আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এ সভায় অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল–এর নেতাকর্মীরা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন শুরু হয়েছে আরেকটি যুদ্ধ। সেটি হলো জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের সংগ্রাম।”

তিনি উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপির নির্বাচনী ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সেই ইশতেহার এখন শুধু দলের নয়, বরং দেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে।

তারেক রহমান বলেন, সরকার জনগণকে সুশাসন, নিরাপদ সমাজ ও শিক্ষার উন্নত পরিবেশ দেওয়ার অঙ্গীকার করেছে। একইসঙ্গে এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার কথাও বলেন, যেখানে মতপ্রকাশ ও রাজনৈতিক বিতর্কের স্বাধীনতা থাকবে।

তিনি আরও বলেন, “সরকার বিএনপি নেতৃত্বাধীন হলেও সরকারের সফলতা নির্ভর করছে দলের নেতাকর্মীদের সহযোগিতার ওপর।”

সকাল পৌনে ১১টায় শুরু হওয়া দিনব্যাপী এ রুদ্ধদ্বার সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী। এছাড়া উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেন।

এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম মতবিনিময় সভা।