ধর্ষণের বিরুদ্ধে জাতীয় সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

রাজনীতি
ধর্ষণের বিরুদ্ধে জাতীয় সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের
নিউজ ডেস্ক
২১ মে ২০২৬

ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব ঘটনাকে সমাজের নৈতিক অবক্ষয়ের ভয়াবহ প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

পোস্টে বিএনপি মহাসচিব বলেন, ধর্ষণ ও শিশু নির্যাতনের মতো অপরাধ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দীর্ঘদিন ধরে চলতে থাকা সামাজিক দায়িত্বহীনতা ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের ফল।

তিনি লেখেন, “আমরা অঙ্গীকারবদ্ধ, এই অমানবিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো এবং একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবো, যেখানে শিশুরা ভয়হীনভাবে বেড়ে উঠতে পারবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মির্জা ফখরুল মনে করেন, শুধু আইন প্রয়োগ বা সরকারি উদ্যোগ দিয়ে এ সংকট মোকাবিলা সম্ভব নয়। এজন্য প্রয়োজন পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, গণমাধ্যম ও সামাজিক সংগঠনসহ সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণে শক্তিশালী সামাজিক আন্দোলন।

তিনি আরও বলেন, শিশুদের সম্মানবোধ, মানবিকতা, দায়িত্বশীলতা ও নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করাই দেশের ভবিষ্যৎ রক্ষার অন্যতম শর্ত বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে তিনি সবাইকে পরিবর্তনের এই সংগ্রামে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান।