জুতা পরে জানাজার নামাজ আদায় করা যাবে কি?
ধর্মবিশেষজ্ঞরা জানাচ্ছেন, পবিত্রতা নিশ্চিত থাকলে জুতা পরে জানাজার নামাজসহ অন্যান্য নামাজ আদায় করা জায়েজ। বিশেষ করে মসজিদের বাইরে নামাজে দাঁড়ানোর সময় অনেকেই জুতা পরেই নামাজ আদায় করতে পারেন।
ইসলামিক সূত্রে বলা হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি পায়ে নামাজ আদায় করেছেন এবং কখনও কখনও জুতা পরেও নামাজ পড়েছেন। আবদুল্লাহ ইবনে আমর (রা.) বর্ণনা করেছেন, তিনি রাসুলকে খালি পায়ে এবং জুতা পরিধানকালে নামাজ আদায় করতে দেখেছেন (সুনানে নাসাঈ: ১৩৬১)। তবে জুতা পরিধান করলে তা অবশ্যই পবিত্র হতে হবে।
একটি হাদিসে বর্ণিত, একবার রাসুল জুতা পরে নামাজ পড়ছিলেন, পরে নামাজের মধ্যে জুতা খুলে ফেলেন। সালাম ফেরানোর পর জানালেন, জিবরাইল (আলাইহিস সালাম) অবহিত করেছেন যে তার জুতায় নাপাকি ছিল (সুনানে আবু দাউদ: ৬৫০)।
বিশেষজ্ঞদের মতে, মসজিদের বাইরে মাঠ বা রাস্তায় দাঁড়িয়ে জানাজার নামাজে অংশগ্রহণের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে—
দাঁড়ানোর জায়গা পবিত্র কি না।, জুতার নিচের অংশ পবিত্র কি না।
যদি জায়গা ও জুতার নিচের অংশ পবিত্র থাকে, তবে জুতা পরে নামাজ আদায় করা শুদ্ধ। কিন্তু যদি অপবিত্র হওয়ার আশঙ্কা থাকে, তবে জুতা খুলে নামাজে দাঁড়ানো বা জুতার ওপর দাঁড়িয়ে নামাজ আদায় করা উত্তম।
উল্লেখ্য, ইসলামে পবিত্রতার গুরুত্ব থাকায় নামাজে অংশ নেওয়ার সময় জায়গা ও জুতার পবিত্রতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।


