ঘুমালে কি অজু ভেঙে যায়?
ইসলামে পবিত্রতা (তাহারাত) নামাজসহ ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অজু ভঙ্গের বিষয়টি নিয়ে আলেমদের বিশ্লেষণে দেখা যায়—ঘুম সব সময় একই রকম হুকুম বহন করে না।
ঘুমালে অজু ভাঙবে কি না, তা নির্ভর করে ঘুমের ধরন ও অবস্থার ওপর।
প্রথমত, যদি কেউ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়—যেমন শুয়ে, কাত হয়ে বা হেলান দিয়ে ঘুমায়—তাহলে অজু ভেঙে যায়। কারণ এ অবস্থায় শরীরের নিয়ন্ত্রণ শিথিল হয়ে যায় এবং অজান্তে বায়ু নির্গমনের সম্ভাবনা থাকে।
দ্বিতীয়ত, যদি কেউ বসা অবস্থায় হালকা তন্দ্রায় থাকে বা ঝিমায়, তাহলে অজু ভাঙে না। কারণ এ অবস্থায় সাধারণত শরীরের নিয়ন্ত্রণ পুরোপুরি নষ্ট হয় না।
হাদিসে দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। একদিকে রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি ঘুমায় সে যেন অজু করে নেয়। অন্যদিকে সাহাবিদের সম্পর্কে এসেছে, তারা নামাজের অপেক্ষায় বসা অবস্থায় তন্দ্রাচ্ছন্ন হতেন এবং নতুন করে অজু না করেই নামাজ আদায় করতেন। আলেমরা এই দুই বর্ণনাকে এভাবে সমন্বয় করেছেন—গভীর ঘুম অজু ভঙ্গ করে, কিন্তু হালকা তন্দ্রা করে না।
প্রখ্যাত ফকিহ ইমাম নববী বলেন, যে ঘুমে চেতনা পুরোপুরি হারিয়ে যায়, তা অজু ভঙ্গ করে। আর ইমাম আবু হানিফা–এর মতে, শরীর ঢিলে হয়ে যায় এমন ঘুম হলে অজু ভেঙে যাবে।


