আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হজ হবে না
তীব্র দাবদাহে হজ পালন করতে গিয়ে যে কষ্টের মুখোমুখি হতে হতো, সেখান থেকে দীর্ঘ সময়ের জন্য স্বস্তি পেতে যাচ্ছেন বিশ্বের মুসলমানরা। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ২০২৬ সাল থেকে শুরু হয়ে অন্তত ২৫ বছর পবিত্র হজ গ্রীষ্মকালে পড়বে না।
সংস্থাটির মুখপাত্র হুসাইন আল-কাহতানি এক বিবৃতিতে বলেন, হিজরি ক্যালেন্ডারের স্বাভাবিক চক্রের কারণে হজের সময় ধীরে ধীরে ঋতু পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী আট বছর হজ অনুষ্ঠিত হবে বসন্তকালে। এরপরের আট বছর তা শীতকালে পড়বে এবং পরবর্তী কয়েক বছর শরতের মনোরম আবহাওয়ায় হজ পালিত হবে। এই চক্র ঘুরে প্রায় ২০৫০ সালের দিকে আবার গ্রীষ্মকালে ফিরে আসবে হজ।
বিশেষজ্ঞদের মতে, হিজরি ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পার্থক্যের কারণেই এই পরিবর্তন ঘটে। চাঁদের হিসাব অনুযায়ী নির্ধারিত হিজরি বছর গ্রেগরিয়ান বছরের তুলনায় প্রায় ১১ দিন ছোট হওয়ায় প্রতি বছর হজের সময় এগিয়ে আসে এবং প্রায় ৩৩ বছরে একটি পূর্ণ চক্র সম্পন্ন হয়।
সাম্প্রতিক বছরগুলোতে মসজিদুল হারাম ও আরাফাতের ময়দানে তাপমাত্রা ৪৫ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে, যা বিশেষ করে বয়স্ক হাজিদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সামনে যে সময় আসছে তাতে পুরোপুরি শীতল আবহাওয়া না হলেও গ্রীষ্মের তুলনায় অনেক সহনীয় তাপমাত্রা থাকবে। ফলে মিনায় অবস্থান, আরাফাতে অবস্থান এবং মুজদালিফায় খোলা আকাশের নিচে রাতযাপনের মতো গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতাগুলো পালন সহজ হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে হজ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা এবং ভিড় নিয়ন্ত্রণ আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে, যা হাজিদের সামগ্রিক অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।


