বোলারদের দাপটে ১৩০ রানেই থামল নেপাল, সেভেনস স্টেডিয়ামে দারুণ শুরু বাংলাদেশের

খেলাধুলা
বোলারদের দাপটে ১৩০ রানেই থামল নেপাল, সেভেনস স্টেডিয়ামে দারুণ শুরু বাংলাদেশের
নিউজ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে সঠিক প্রমাণ করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম। তার নেতৃত্বে দুর্দান্ত বোলিং প্রদর্শনে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ১৩০ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ।

সোমবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের সেভেনস স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নেপাল শুরুটা মন্দ করেনি। ওপেনার সাহিল প্যাটেল ও নিরাজ কুমার গড়েন ৪০ রানের উদ্বোধনী জুটি। তবে প্যাটেল (১৮) আউট হলে ভাঙে সেই জুটি। তাকে ফেরান সাদ ইসলাম।

এরপর দ্রুত উইকেট হারাতে থাকে নেপাল। ৫৪ থেকে ৬১ রানের মধ্যেই সাজঘরে ফেরেন বংশ ছেত্রি (৪), নিরাজ কুমার (১৪), নিশ্চল শেত্রি (০) ও কিরবিন শ্রেষ্ঠ (৫)। প্রথম উইকেট হারানোর পর মাত্র ২১ রানের ব্যবধানে চারটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নেপাল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাংলাদেশের পক্ষে সাদ ইসলামের পর একে একে সবুজ তিনটি ও আল-আমিন একটি উইকেট তুলে নেন। পরে সাদ ইসলাম আশোক ধামিকে (৫) ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট পূর্ণ করেন। তখন নেপালের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৮১ রান।

মধ্যক্রমে আশিষ লুহার কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ২৩ রান করে বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিমের বলে বিদায় নেন তিনি। এরপর যুবরাজ খাত্রি (৬) শাহরিয়ারের বলে বোল্ড হন। তখন ৮ উইকেটে নেপালের স্কোর দাঁড়ায় ১২৮।

এরপর আজিজুল হাকিম অভিষেক তিওয়ারিকে (৩০) আউট করে নবম উইকেটের পতন ঘটান। শেষ ব্যাটার বিপিন শর্মা কোনো রান না করেই শাহরিয়ারের বলে আউট হলে ১৩০ রানে থামে নেপালের ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবুজ সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। সাদ ইসলাম, অধিনায়ক আজিজুল হাকিম ও শাহরিয়ার প্রত্যেকে দুটি করে উইকেট নেন। একটি উইকেট শিকার করেন আল-আমিন।