বিপিএলের আগে বড় ধাক্কা, চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিল বিসিবি
বিপিএল দ্বাদশ আসরের পর্দা উঠতে আর মাত্র এক দিন বাকি। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে বড় ধরনের সংকটে পড়ল টুর্নামেন্ট। আর্থিক ও ব্যবস্থাপনাগত সমস্যার কারণে শেষ সময়ে এসে চট্টগ্রাম রয়্যালস ফ্রাঞ্চাইজি দলটির মালিকানা ছেড়ে দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চট্টগ্রাম দলের দায়িত্ব গ্রহণ করেছে।
বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই বিসিবিকে নিজেদের অপারগতার কথা জানায় চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষ। তারা জানায়, বর্তমান পরিস্থিতিতে দল পরিচালনা করা তাদের পক্ষে সম্ভব নয়। এরপর জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়ে বিসিবি সরাসরি ফ্রাঞ্চাইজিটির মালিকানা গ্রহণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ও বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। একইসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
দলটি বিসিবির অধীনে যাওয়ার পরপরই নতুন করে ব্যবস্থাপনা গঠনের কাজ শুরু হয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ কোচ মিজানুর রহমান বাবুলকে।
চলতি বিপিএল নিলামে চট্টগ্রাম রয়্যালস আলোচনায় আসে ওপেনার নাঈম শেখকে রেকর্ড ১ কোটি ১০ লাখ টাকায় দলে ভেড়ানোর মাধ্যমে। এবারের নিলামে সবচেয়ে বেশি দামে ক্রিকেটার কেনার নজির গড়ে তারা। তবে নিলামের পর থেকেই ফ্রাঞ্চাইজিটির ভেতরে নানা অগোছালো পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল, যার চূড়ান্ত রূপ দেখা গেল টুর্নামেন্ট শুরুর ঠিক আগে।


