শোক ছাপিয়ে জয় দিয়ে বিপিএল শুরু করল ঢাকা ক্যাপিটালস

খেলাধুলা
শোক ছাপিয়ে জয় দিয়ে বিপিএল শুরু করল ঢাকা ক্যাপিটালস
নিউজ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫

ম্যাচ শুরুর আগেই সহকারী কোচ মাহবুব আলী জাকির আকস্মিক মৃত্যুতে বড় ধাক্কা খায় ঢাকা ক্যাপিটালস। তবে সেই শোককে শক্তিতে রূপ দিয়ে ব্যাটে-বলে দাপট দেখিয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে বিপিএল শুরু করেছে রাজধানীর দলটি। ১৩৩ রানের লক্ষ্য ৫ উইকেট ও ৭ বল হাতে রেখেই টপকে যায় ঢাকা।

শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা। মাত্র ৫ রানে সাইফ হাসান ফিরে যান। এরপর উসমান খান ও আবদুল্লাহ আল মামুন ৩৭ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেন। ১৮ রান করা উসমান নওয়াজের বলে আউট হন। অধিনায়ক মোহাম্মদ মিঠুনও ব্যর্থ হন, ১২ রান করে লামিচানের বলে ক্যাচ দেন।

৬৪ রানে তিন উইকেট হারানোর পর ঢাকার হাল ধরেন আবদুল্লাহ আল মামুন। ৩৯ বলে ফিফটি তুলে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি। ৫৫ রান করে নওয়াজের বলেই থামেন মামুন। পরে নাসির হোসেন ২২ রান করে ফিরলেও জয়ের পথে কোনো বাধা হয়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারি (১৭) ও সাব্বির রহমান (২১) দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে দেন দলকে।

এর আগে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স শুরু থেকেই চাপে পড়ে। প্রথম বলেই সাহিবজাদা ফারহান আউট হন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রান তুলতে সক্ষম হয় শান্তর দল। নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৩৭ রান করেন। শেষদিকে মোহাম্মদ নওয়াজ ২৬ রানে অপরাজিত থাকেন।

ঢাকার হয়ে ইমাদ ওয়াসিম ১৬ রানে ৩ উইকেট নেন। নাসির হোসেন শিকার করেন ২টি উইকেট।

উদ্বোধনী ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে এসে হারের স্বাদ পেল রাজশাহী ওয়ারিয়র্স, আর আবেগঘন মুহূর্তে জয় দিয়ে আসর শুরু করল ঢাকা ক্যাপিটালস।