১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি
কোকা-কোলা ও আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার যৌথ উদ্যোগে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা-এর ষষ্ঠ আসর শুরু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণ উদ্বোধন করা হয়।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো তিনটি দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করবে। এবারের বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল, অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ, এবং আয়োজন হবে আগের যে কোনো আসরের তুলনায় আরও বৃহৎ উৎসব।
রিয়াদে অনুষ্ঠানে ফিফা লিজেন্ড আলেসান্দ্রো দেল পিয়েরো ট্রফি উন্মোচন করেন। এছাড়া তিনি একটি ফুটবল ক্লিনিকে অংশ নেন, যেখানে স্থানীয় শিশুদের সঙ্গে মাঠে নেমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। একই দিনে শহরের বড় শপিং মলে সাধারণ দর্শকদের জন্য ট্রফি প্রদর্শন করা হয়।
ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে ট্রফি ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে ভ্রমণ করবে। পুরো সফর ১৫০ দিনের বেশি চলবে। বাংলাদেশে এটি আসবে আগামী ১৪ জানুয়ারি ২০২৬, যেখানে দেশের ফুটবলপ্রেমীরা সরাসরি ট্রফি দেখার সুযোগ পাবেন।
ট্রফি প্রদর্শনের সঙ্গে কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রমোশন চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। এই প্রমোশনের মাধ্যমে দর্শকরা বিশেষ পাস জেতার সুযোগ পাবেন।
কোকা-কোলা’র ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে বলেন, “ফুটবল মানুষকে একত্রিত করে। ট্রফি ট্যুর বাই কোকা-কোলা দুই দশক ধরে ফুটবলপ্রেমীদের খেলার সঙ্গে যুক্ত রেখেছে। এবার আমরা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের উদযাপন করছি।”
ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই বলেন, “ফিফা বিশ্বকাপের ট্রফি খেলাধুলার সর্বোচ্চ সম্মানের প্রতীক। কোকা-কোলার সঙ্গে আমাদের অংশীদারিত্ব দুই দশক ধরে বিশ্বকাপের আবহ ফুটবলপ্রেমীদের কাছে পৌঁছে দিয়েছে। এবারের ট্যুরটি আরও বিশেষ, কারণ তিনটি আয়োজক দেশ নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের প্রস্তুতি চলছে।”


