বিপিএল থেকে ভারতীয় উপস্থাপকে বাদ দিলো বিসিবি

খেলাধুলা
বিপিএল থেকে ভারতীয় উপস্থাপকে বাদ দিলো বিসিবি
নিউজ ডেস্ক
৬ জানুয়ারি ২০২৬

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ধারাভাষ্য ও উপস্থাপনায় ভিন্নমাত্রা যোগ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উপস্থাপনায় পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে যুক্ত ছিলেন ভারতের রিধিমা পাঠক। ধারাভাষ্য প্যানেলে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা ও ইংল্যান্ডের সাবেক তারকা ড্যারেন গফ। তবে সাম্প্রতিক বাংলাদেশ–ভারত রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে এই আয়োজনে। এর ফলে বিপিএলে রিধিমা পাঠকের কার্যক্রম শেষ হয়ে গেছে।

গত শনিবার (৩ জানুয়ারি) ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয়, বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দিতে। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হুমকির প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়নের অভিযোগ তুলে ওই গোষ্ঠীগুলো ‘অ্যান্টি-বাংলাদেশ’ প্রচারণা জোরদার করে।

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর জরুরি বৈঠকে বসে বিসিবি। বৈঠক শেষে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে অপারগতার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বোর্ড। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো অন্য দেশে আয়োজনের দাবি জানানো হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর ধারাবাহিকতায় সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ সরকার দেশীয় অপারেটরদের মাধ্যমে আইপিএল সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দেয়। এসব ঘটনার সামগ্রিক প্রভাব পড়েছে বিপিএলেও, যার অংশ হিসেবে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠকের বিপিএল যাত্রা শেষ হয়েছে বলে জানা গেছে।