ভারতেই খেলতে হবে, আইসিসি এমন কথা বলেনি: বিসিবি সভাপতি
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য মঙ্গলবার গভীর রাতে ছড়িয়ে পড়ে একটি উদ্বেগজনক খবর। যারা রাতে দেরিতে ঘুমান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকেন, তারা রাত দুইটার পর জানতে পারেন—আইসিসি নাকি বাংলাদেশের দাবি মানছে না এবং বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে, নতুবা পয়েন্ট কর্তনের মুখে পড়তে হবে।
ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনের পরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। প্রশ্ন ওঠে—বাংলাদেশ কি তাহলে বিশ্বকাপে অংশ নেবে না?
খবরটির সত্যতা যাচাই করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইওসহ অন্তত পাঁচজন পরিচালক এবং সভাপতির সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের সবার বক্তব্যেই উঠে এসেছে একই কথা—এই বিষয়ে আইসিসির সঙ্গে বিসিবির এমন কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বুধবার সকালে বলেন, ‘ক্রিকইনফোর প্রকাশিত খবরটি সঠিক নয়। আইসিসি কখনোই আমাদের বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে।’
তিনি আরও জানান, আইসিসির সঙ্গে বিসিবির নিয়মিত যোগাযোগ রয়েছে এবং ব্যক্তিগত পর্যায়েও আলোচনা চলছে। তবে বিষয়টি কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।
বুলবুলের ভাষ্য, ‘আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা কেন ভারতে যেতে চাই না। আমরা আমাদের মেইলে পরিষ্কারভাবে জানিয়েছি, আমাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ রয়েছে। সেই কারণেই আমরা ভারতের মাটিতে খেলতে অনিচ্ছুক।’
তিনি বলেন, ‘গতকাল রাতে আইসিসি আবারও বিসিবির কাছ থেকে বিস্তারিতভাবে জানতে চেয়েছে—কোন কোন নিরাপত্তাজনিত কারণে আমাদের উদ্বেগ রয়েছে এবং কেন বাংলাদেশের ক্রিকেটাররা সেখানে নিরাপদ নন বলে মনে করা হচ্ছে। এই ব্যাখ্যাগুলো দেওয়ার পরই আইসিসি সিদ্ধান্ত নেবে।’
সবশেষে বিসিবি সভাপতি স্পষ্ট ভাষায় বলেন, ‘আইসিসি বাংলাদেশকে জোর করে ভারতে খেলতে বলেছে বা না গেলে বিশ্বকাপে ওয়াকওভার দিতে হবে—এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।’


