আর্থিক সংকটে পড়া সাবেক অনূর্ধ্ব-১৯ পেসার শাহীন আলমের পাশে দাঁড়ালো বিসিবি
চরম আর্থিক সংকটে পড়া বাংলাদেশের সাবেক অনূর্ধ্ব-১৯ পেসার শাহীন আলমকে সহায়তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য শাহীনকে নগদ ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল চেকটি শাহীন আলমের হাতে তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
শাহীন আলম ২০২০ সালের দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা জেতা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তবে দীর্ঘদিনের ইনজুরি ও পারিবারিক অস্বচ্ছলতার কারণে তার ক্রিকেট ক্যারিয়ার থমকে যায়। কুড়িগ্রামের এই পেসার বর্তমানে অসুস্থ বাবা-মায়ের দেখাশোনা এবং তীব্র আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। চলমান প্রথম বিভাগ ক্রিকেট লিগেও কোনো দল না পাওয়ায় তার উপার্জনের পথ প্রায় বন্ধ হয়ে গেছে।
এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সহায়তা শাহীন আলমের জন্য তীব্র প্রশান্তির সঞ্চার করেছে। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও শাহীনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল।


