মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ বিসিবির
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন থেকে বিসিবির নির্ধারিত কোনো আনুষ্ঠানিক ইভেন্ট ছাড়া স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশ করতে পারবেন না সাংবাদিকরা।
শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে। এই নিয়ম স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশকারী সবার জন্য প্রযোজ্য হবে, যার আওতায় গণমাধ্যম প্রতিনিধিরাও থাকবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবাদিকদের জন্য পূর্বের মতো গেট-১ দিয়েই স্টেডিয়ামে প্রবেশের ব্যবস্থা থাকবে। তবে শুধুমাত্র নির্দিষ্ট উপলক্ষেই তারা প্রবেশাধিকার পাবেন।
নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচের দিন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠান এবং বোর্ড কর্তৃক পূর্বঘোষিত অনুশীলন বা প্রশিক্ষণ সেশন ছাড়া অন্য সময় স্টেডিয়ামে প্রবেশের সুযোগ থাকবে না।
নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং ভেন্যু ও বিসিবির কার্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি। একই সঙ্গে নতুন বিধিনিষেধ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ক্রিকেট বোর্ড।


