আইন ও ফিটনেস পরীক্ষায় পাস করলেই জাতীয় দলে ফিরতে পারবেন সাকিব

খেলাধুলা
আইন ও ফিটনেস পরীক্ষায় পাস করলেই জাতীয় দলে ফিরতে পারবেন সাকিব
নিউজ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬

দীর্ঘ সময় দেশের বাইরে থাকার পর সাকিব আল হাসান–এর দেশে ফেরা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে দেশে ফিরলেই যে জাতীয় দলে জায়গা নিশ্চিত— এমন কোনো নিশ্চয়তা দিচ্ছে না সংশ্লিষ্টরা।

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রাজনৈতিক বিতর্ক, আওয়ামী লীগের মনোনীত এমপি হিসেবে তার অবস্থান এবং একটি হত্যা মামলায় নাম থাকা— এসব কারণে এতদিন তার দেশে ফেরা অনিশ্চিত ছিল। আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশে ফিরলে গ্রেপ্তারের ঝুঁকিও ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে এখন তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সাকিবের প্রয়োজনীয় কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। বোর্ড তাদের করণীয় সম্পন্ন করেছে, বাকি সিদ্ধান্ত সরকারের।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ধারণা করা হচ্ছে, আইনি জটিলতা নিরসন ও আনুষ্ঠানিক ছাড়পত্র পাওয়ার পরই তার দেশে ফেরার পথ পুরোপুরি উন্মুক্ত হবে।

ক্রিকেট বোদ্ধাদের একটি অংশ মনে করছেন, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ওয়েস্ট ইন্ডিজসহ বিভিন্ন দেশে টি-টোয়েন্টি ও টি-টেন লিগে নিয়মিত খেলার কারণে সাকিব সহজেই জাতীয় দলে জায়গা পেতে পারেন। তবে বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে।

জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে আলোচনা থেকে জানা গেছে, দীর্ঘদিন উচ্চমানের আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় তার বর্তমান ফিটনেস ও প্রতিযোগিতামূলক সক্ষমতা মূল্যায়ন করা হবে। ব্যাটিং-বোলিং পারফরম্যান্সও খুঁটিয়ে দেখা হবে। অন্য যেকোনো ক্রিকেটারের মতো তাকেও একই মানদণ্ডে বিবেচনা করা হবে।

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ফিজিও ও ট্রেনারের ফিটনেস সার্টিফিকেট এবং নির্বাচকদের আস্থা অর্জনের প্রক্রিয়া সাকিবের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

এদিকে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর চুক্তির মেয়াদ শেষ হলেও তাকে আরও এক মাস দায়িত্ব পালনের অনুরোধ করেছে বিসিবি। আগামী ১১ মার্চ ঢাকায় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং মে মাসের টেস্ট সিরিজকে সামনে রেখে দল নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব তার ওপরই থাকবে।

সব মিলিয়ে স্পষ্ট বার্তা— সাকিব আল হাসান দেশে ফিরতে পারেন, তবে জাতীয় দলে ফিরতে হলে তাকে ফিটনেস ও পারফরম্যান্সের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সরাসরি দলে অন্তর্ভুক্ত হওয়ার কোনো শর্টকাট থাকছে না।