দ্রুতই জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান: আসিফ আকবর

খেলাধুলা
দ্রুতই জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান: আসিফ আকবর
নিউজ ডেস্ক
৫ মার্চ ২০২৬

দেশের ক্রিকেটে খুব দ্রুতই ফিরছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যৌথ উদ্যোগে তার বিরুদ্ধে থাকা মামলা নিষ্পত্তির প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন বিসিবির এক পরিচালক।

বুধবার (৪ মার্চ) দুপুরে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিসিবি পরিচালক আসিফ আকবর। এ সময় তিনি স্টেডিয়ামের উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।

আসিফ আকবর বলেন, সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে বিসিবির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে ক্রীড়া মন্ত্রণালয়ের পর্যায়ে রয়েছে এবং তারা সক্রিয়ভাবে বিষয়টি দেখছে। পাশাপাশি বিসিবির আইনজীবী দলও কাজ করছে, যাতে তার আইনগত জটিলতাগুলো দ্রুত সমাধান করা যায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “আমরা আশাবাদী, খুব অল্প সময়ের মধ্যেই সাকিবকে আবার বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাবো।”

সরকার পরিবর্তনের পর সাবেক টাইগার অধিনায়কের জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে নীতিনির্ধারণী মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তার ফেরার প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে এবং ভক্তরা খুব শিগগিরই তাকে মাঠে দেখতে পারেন।

এদিকে বুধবার কক্সবাজারে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব–১৮ টুর্নামেন্টের ফাইনাল দেখতে উপস্থিত ছিলেন বিসিবির কর্মকর্তারা। ফাইনালে রাজশাহী দল ঢাকার বিপক্ষে ইনিংস ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়।

বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাবিবুল বাশার বলেন, বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়নের অংশ হিসেবে অনূর্ধ্ব–১৪, অনূর্ধ্ব–১৬ ও অনূর্ধ্ব–১৮ পর্যায়ে সারা দেশের জেলা ও বিভাগ মিলিয়ে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করা হয়। বিভাগীয় পর্যায়ে খেলার পর সেরা আটটি দল এবারের অনূর্ধ্ব–১৮ জাতীয় রাউন্ডে অংশ নেয় এবং সেখান থেকেই চূড়ান্ত চ্যাম্পিয়ন নির্ধারিত হয়েছে।