পিক্সেল সিরিজের নতুন ওয়াচ আনলো গুগল

পিক্সেল সিরিজের নতুন ওয়াচ আনলো গুগল
২১ জুলাই ২০২৬

গুগলের পরবর্তী স্মার্টওয়াচ পিক্সেল ওয়াচ ৫ আনুষ্ঠানিক উন্মোচনের আগেই এর সম্ভাব্য নকশা, নতুন রঙ, ওয়াচ ফেস এবং হার্ডওয়্যার সংক্রান্ত বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। উচ্চ রেজল্যুশনের রেন্ডার ছবিতে দেখা গেছে, আগের ডিজাইন বজায় রেখেই সফটওয়্যার ও এআই সুবিধায় নতুনত্ব আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট The Tech Outlook-এ প্রকাশিত রেন্ডারগুলো শেয়ার করেছেন পরিচিত টিপস্টার স্টিভ এইচ. ম্যাকফ্লাই (@OnLeaks)। অতীতেও তার প্রকাশিত অনেক তথ্য পরে সত্য প্রমাণিত হয়েছে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, পিক্সেল ওয়াচ ৫ কালো, হালকা ধূসর, অলিভ এবং কোরাল—এই চারটি স্ট্র্যাপ রঙে পাওয়া যেতে পারে। এছাড়া ওয়ার্ম গোল্ড সংস্করণটি প্রথমে ৪১ মিলিমিটার মডেলে আসার সম্ভাবনা রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিজাইনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন না এনে আগের প্রজন্মের পরিচিত গম্বুজাকৃতির ডিসপ্লে ও গুগলের নিজস্ব ব্যান্ড সংযুক্তির ব্যবস্থা রাখা হয়েছে। ফলে পুরোনো পিক্সেল ওয়াচের স্ট্র্যাপ নতুন মডেলেও ব্যবহার করা যেতে পারে।

নতুন ওয়াচ ফেসে অ্যানালগ ডায়ালের পাশাপাশি জেমিনি এআই ব্যবহারের জন্য একটি ডেডিকেটেড শর্টকাট দেখা গেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা হাতের কব্জি থেকেই দ্রুত গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারীর সুবিধা নিতে পারবেন।

প্রতিবেদন অনুযায়ী, স্মার্টওয়াচটি ৪১ মিলিমিটার ও ৪৫ মিলিমিটার—দুটি আকারে বাজারে আসবে। প্রতিটি সংস্করণে থাকবে ওয়াই-ফাই এবং ওয়াই-ফাই + এলটিই ভ্যারিয়েন্ট। এছাড়া নির্বাচিত মডেলে স্যাটেলাইট ইমার্জেন্সি এসওএস, আল্ট্রা-ওয়াইডব্যান্ড (UWB) এবং ওয়াই-ফাই ৬ প্রযুক্তি যুক্ত হতে পারে।

দামের ক্ষেত্রেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আগের মডেলের তুলনায় দাম প্রায় ৫০ মার্কিন ডলার পর্যন্ত বাড়তে পারে। সম্ভাব্য মূল্য হতে পারে—

  • ৪১ মিমি (ওয়াই-ফাই): ৩৯৯ ডলার
  • ৪৫ মিমি (ওয়াই-ফাই): ৪২৯ ডলার
  • ৪১ মিমি (এলটিই): ৪৯৯ ডলার
  • ৪৫ মিমি (এলটিই): ৫২৯ ডলার

তবে এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি গুগল।

ধারণা করা হচ্ছে, আগামী মাসে অনুষ্ঠিতব্য Made by Google ইভেন্টে নতুন পিক্সেল স্মার্টফোনের পাশাপাশি পিক্সেল ওয়াচ ৫-এরও আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ফাঁস হওয়া তথ্যগুলো ইঙ্গিত দিচ্ছে, এবার গুগল ডিজাইনের পরিবর্তে এআই, সংযোগ প্রযুক্তি এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নয়নের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে।