চ্যাটজিপিটিতে বড় পরিবর্তন, নতুন যে সুবিধা মিলবে

চ্যাটজিপিটিতে বড় পরিবর্তন, নতুন যে সুবিধা মিলবে
৯ আগস্ট ২০২৬

চ্যাটজিপিটির ফ্রি ও গো প্ল্যানের ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে ওপেনএআই। আগামী সপ্তাহ থেকে এসব প্ল্যানের ব্যবহারকারীরা GPT-5.6 Luna মডেলের মাধ্যমে সীমাহীন টেক্সট চ্যাট করার সুযোগ পাবেন। একই সঙ্গে জটিল প্রশ্নের উত্তর আরও গভীরভাবে বিশ্লেষণের জন্য যুক্ত হচ্ছে নতুন ‘Think’ বাটন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটির সাপ্তাহিক ব্যবহারকারী সংখ্যা সম্প্রতি ১০০ কোটির মাইলফলক ছাড়িয়েছে। এর পরিপ্রেক্ষিতে ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য টেক্সট চ্যাটের বর্তমান ব্যবহারের সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে এই সুবিধা শুধু টেক্সট চ্যাটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ফাইল ও ছবি আপলোড, ভয়েস ব্যবহার এবং ছবি তৈরির মতো অন্যান্য সুবিধায় আগের মতোই ব্যবহারের সীমা থাকবে।

নতুন ব্যবস্থায় ফ্রি ও গো প্ল্যানের ডিফল্ট মডেল হিসেবে GPT-5.6 Luna যুক্ত করা হচ্ছে। এটি GPT-5.6 পরিবারের তুলনামূলক দ্রুতগতির ও কম খরচের মডেল হিসেবে তৈরি করা হয়েছে। ব্যবহারকারীরা জটিল কোনো প্রশ্নের উত্তর চাইলে ‘Think’ বাটনে চাপ দিয়ে চ্যাটজিপিটিকে আরও গভীরভাবে যুক্তি বিশ্লেষণের সুযোগ দিতে পারবেন।

ওপেনএআই জানিয়েছে, নতুন সুবিধাগুলো ধাপে ধাপে চালু করা হচ্ছে। চলতি সপ্তাহ থেকেই ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য পরিবর্তনগুলো চালু শুরু হবে। আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে আনলিমিটেড টেক্সট চ্যাট ও ‘Think’ বাটন সবার কাছে পৌঁছানোর কথা রয়েছে।

প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্যও নতুন সুবিধা

চ্যাটজিপিটির প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্যও নতুন পরিবর্তন আনা হয়েছে। তাদের জন্য GPT-5.6 Sol মডেলের উন্নত সংস্করণ চালু করা হচ্ছে। দ্রুত উত্তর দেওয়া, ওয়েব গবেষণা, পরামর্শ, পরিকল্পনা, লেখালেখি ও সিদ্ধান্ত গ্রহণের মতো কাজে মডেলটি আরও কার্যকর হবে বলে জানিয়েছে ওপেনএআই।

প্রতিষ্ঠানটির দাবি, নতুন GPT-5.6 Sol আগের তুলনায় আরও সংক্ষিপ্ত ও নির্ভরযোগ্য উত্তর দিতে পারবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় তথ্য কমিয়ে সরাসরি প্রয়োজনীয় উত্তরের দিকে গুরুত্ব দেওয়া হবে।

প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য যুক্ত হচ্ছে ‘Thinking Slider’। এর মাধ্যমে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় চ্যাটজিপিটি কতটা গভীরভাবে বিশ্লেষণ করবে, তা ব্যবহারকারী নিজেই নির্ধারণ করতে পারবেন। প্রশ্নের জটিলতা অনুযায়ী এই মাত্রা বাড়ানো বা কমানো যাবে।

টেকক্রাঞ্চের প্রতিবেদনে ওপেনএআইয়ের অভ্যন্তরীণ মূল্যায়নের বরাত দিয়ে বলা হয়েছে, GPT-5.5-Instant-এর তুলনায় GPT-5.6 Luna-তে তথ্যগত ভুলের হার ৬২ শতাংশ এবং GPT-5.6 Sol-এ ৬৮ শতাংশ কম পাওয়া গেছে।

GPT-5.6 Sol ইতোমধ্যে প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। অন্যদিকে ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড টেক্সট চ্যাট ও ‘Think’ সুবিধা পর্যায়ক্রমে চালু করা হচ্ছে।

নতুন এই পরিবর্তন কার্যকর হলে বিনামূল্যের ব্যবহারকারীরা চ্যাটজিপিটির টেক্সটভিত্তিক ব্যবহারে আগের তুলনায় অনেক বেশি স্বাধীনতা পাবেন। তবে ছবি, ফাইল, ভয়েস ও ছবি তৈরির মতো সুবিধাগুলোর ক্ষেত্রে নির্ধারিত ব্যবহারের সীমা বহাল থাকবে।