কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন যে উদ্যোগ নিল ফেসবুক

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন যে উদ্যোগ নিল ফেসবুক
১৫ আগস্ট ২০২৬

কনটেন্ট ক্রিয়েটরদের কাজ আরও সহজ করতে নতুন ‘ক্রিয়েটর স্টুডিও’ অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)নির্ভর এই অ্যাপের মাধ্যমে ভিডিও ও পোস্টের পারফরম্যান্স বিশ্লেষণ, দর্শক বাড়ানো এবং অনুসারীদের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।

পরীক্ষামূলক কার্যক্রমের পর অ্যাপটি এখন আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে। তবে আপাতত যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রিয়েটররাই এটি ব্যবহার করতে পারছেন।

নতুন অ্যাপটির অন্যতম প্রধান সুবিধা হলো ‘এআই ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট’। ক্রিয়েটরের কাজের ধরন, লক্ষ্য এবং দর্শকদের আগ্রহ বিশ্লেষণ করে এটি বিভিন্ন পরামর্শ দেবে। ফলে জটিল চার্ট বা পরিসংখ্যান ঘেঁটে তথ্য বের করার পরিবর্তে ক্রিয়েটররা সরাসরি এআইকে প্রশ্ন করেই প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

যেমন—কোন সময়ে পোস্ট করলে বেশি দর্শক পাওয়া যেতে পারে, সাম্প্রতিক পোস্টে দর্শকদের প্রতিক্রিয়া কেমন কিংবা কোন ধরনের কনটেন্ট ভালো করছে—এসব প্রশ্নের সহজ উত্তর দেবে এআই সহকারী।

কমেন্টের উত্তরও তৈরি করবে এআই

অ্যাপটির আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো এআই কমেন্ট টুল। এটি কোনো পেজের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো শনাক্ত করে ক্রিয়েটরের নিজস্ব ভাষা ও বলার ধরন অনুসরণ করে উত্তরের খসড়া তৈরি করতে পারবে।

তবে তৈরি করা উত্তর সরাসরি প্রকাশ হবে না। পোস্ট করার আগে ক্রিয়েটর চাইলে সেটি নিজের মতো করে সম্পাদনা করে নিতে পারবেন।

এ ছাড়া প্রতিদিন অ্যাপটিতে প্রবেশ করলে ক্রিয়েটরদের জন্য গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি তালিকা দেখানো হবে। সেখানে আগের পোস্টের পারফরম্যান্স, নির্ধারিত লক্ষ্যের অগ্রগতি এবং যেসব মন্তব্যের উত্তর দেওয়া প্রয়োজন—এসব তথ্য এক জায়গায় পাওয়া যাবে।

টিকটক-ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় মেটা

ক্রিয়েটরদের জন্য আলাদা এই অ্যাপ চালুর পেছনে মেটার অন্যতম লক্ষ্য হলো টিকটক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা জোরদার করা এবং নির্মাতাদের ফেসবুকের প্ল্যাটফর্মে আরও বেশি সময় ধরে রাখা।

একই সঙ্গে কনটেন্ট তৈরির ধারণা, পারফরম্যান্স বিশ্লেষণ কিংবা দর্শকদের আচরণ বুঝতে ক্রিয়েটররা যেন বাইরের এআই টুলের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হন, সেটিও মেটার কৌশলের অংশ বলে মনে করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে মেটা একাধিক নতুন অ্যাপও বাজারে এনেছে। এর মধ্যে ফেসবুক গ্রুপকেন্দ্রিক ‘ফোরাম’, বন্ধুদের সঙ্গে ছবি শেয়ারের ‘ইনস্ট্যান্টস’, গেমিং অ্যাপ ‘পকেট’ এবং শিশুদের জন্য এআই দিয়ে গল্প তৈরির ‘স্টোরিকিট’ উল্লেখযোগ্য।