একই গ্যালাক্সিতে তিন ব্ল্যাকহোলের সন্ধান

একই গ্যালাক্সিতে তিন ব্ল্যাকহোলের সন্ধান
১৬ আগস্ট ২০২৬

মহাবিশ্বের সুদূর প্রান্তের একটি গ্যালাক্সিতে একই সঙ্গে তিনটি সক্রিয় সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ফিজিকসের গবেষকদের এই আবিষ্কারকে প্রাথমিক মহাবিশ্বের ব্ল্যাকহোল ও গ্যালাক্সির বিবর্তন বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞানীদের শনাক্ত করা গ্যালাক্সিটির নাম জে০১৪৮-৪২১৪। পৃথিবী থেকে প্রায় ১ হাজার ২৫০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্যালাক্সির কেন্দ্রীয় অঞ্চলে রয়েছে দুটি সক্রিয় ব্ল্যাকহোল। তাদের মধ্যে দূরত্ব প্রায় ৬২০ আলোকবর্ষ। আর তৃতীয় ব্ল্যাকহোলটির অবস্থান গ্যালাক্সির অপেক্ষাকৃত বাইরের অংশে, কেন্দ্র থেকে প্রায় ৫ হাজার ৫০০ আলোকবর্ষ দূরে।

তিনটি ব্ল্যাকহোলই সক্রিয় অবস্থায় রয়েছে। অর্থাৎ, এগুলো নিজেদের চারপাশে থাকা অ্যাক্রিশন ডিস্ক থেকে গ্যাস ও অন্যান্য পদার্থ প্রবল মহাকর্ষের মাধ্যমে টেনে নিচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গবেষণায় ব্ল্যাকহোলগুলোর ভরও নির্ণয় করেছেন বিজ্ঞানীরা। সবচেয়ে বড়টির ভর সূর্যের তুলনায় প্রায় ৮ কোটি গুণ বেশি। অপর দুটি ব্ল্যাকহোলের ভর যথাক্রমে সূর্যের প্রায় ৬ লাখ এবং ২০ লাখ গুণ।

আলো বিশ্লেষণ করে শনাক্ত

ব্ল্যাকহোলের প্রবল মহাকর্ষের প্রভাবে আশপাশের গ্যাস অত্যন্ত দ্রুতগতিতে ঘুরতে থাকে। ওই গ্যাসে থাকা আয়োনাইজড হাইড্রোজেন থেকে নির্দিষ্ট ধরনের আলোক সংকেত তৈরি হয়। বিজ্ঞানীরা সেই বর্ণালিগত সংকেত বিশ্লেষণ করেই তিনটি সক্রিয় ব্ল্যাকহোলের অস্তিত্ব শনাক্ত করেন।

তবে গ্যালাক্সির কেন্দ্রে থাকা দুটি ব্ল্যাকহোল একে অপরের তুলনামূলক কাছাকাছি হওয়ায় তাদের আলাদা সংকেত শনাক্ত করা সহজ ছিল না। এ সমস্যার সমাধানে গবেষকেরা ‘স্পেকট্রো-অ্যাস্ট্রোমেট্রি’ পদ্ধতি ব্যবহার করেন। এই পদ্ধতিতে আলোর উৎসের সূক্ষ্ম স্থানিক পরিবর্তন বিশ্লেষণ করে তার অবস্থান নির্ধারণ করা সম্ভব হয়।

এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের এনআইআরস্পেক-আইএফএস যন্ত্র।

ভবিষ্যতে হতে পারে ব্ল্যাকহোলের সংঘর্ষ

বিজ্ঞানীদের ধারণা, প্রাথমিক মহাবিশ্বে গ্যালাক্সিগুলোর মধ্যে ঘন ঘন একীভবন ঘটত। দুটি গ্যালাক্সি একীভূত হওয়ার সময় তাদের কেন্দ্রীয় ব্ল্যাকহোলও পরস্পরের কাছাকাছি চলে আসতে পারে। পরবর্তী সময়ে সেগুলো একীভূত হয়ে আরও বৃহৎ ব্ল্যাকহোলে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে।

জে০১৪৮-৪২১৪ গ্যালাক্সির কেন্দ্রের দুটি ব্ল্যাকহোলও ভবিষ্যতে একীভূত হতে পারে। বিজ্ঞানীদের হিসাবে, এই প্রক্রিয়া কয়েকশ কোটি বছর পর ঘটার সম্ভাবনা রয়েছে।

গবেষক হান্না ইউবলার বলেন, দূরবর্তী মহাবিশ্বের একটি গ্যালাক্সিতে একই সঙ্গে তিনটি সক্রিয় ব্ল্যাকহোল শনাক্ত করার ঘটনা এটাই প্রথম। তাঁর মতে, এই আবিষ্কার ভবিষ্যতে ব্ল্যাকহোলের একীভবনের সময় উৎপন্ন মহাকর্ষীয় তরঙ্গ নিয়ে গবেষণার নতুন সুযোগ তৈরি করতে পারে।

অন্য গবেষক জোভান্নি মাজোলারি জানান, জেমস ওয়েব টেলিস্কোপের তথ্য শুধু তিনটি ব্ল্যাকহোল শনাক্ত করতেই সহায়তা করেনি; এগুলোর ভর, পদার্থ গ্রহণের হার এবং সংশ্লিষ্ট গ্যালাক্সির তারকা ভর সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

মহাবিশ্বের বিবর্তনের প্রাথমিক পর্যায়ে গ্যালাক্সি ও সুপারম্যাসিভ ব্ল্যাকহোল কীভাবে গড়ে উঠেছিল, এই আবিষ্কার সেই রহস্য উন্মোচনে নতুন একটি জানালা খুলে দিয়েছে।