টেসলার স্টিয়ারিংহীন সাইবারক্যাব শিগগিরই রাস্তায় নামছে
স্টিয়ারিং হুইল ও পেডেল ছাড়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম টেসলার দুই আসনের বৈদ্যুতিক গাড়ি ‘সাইবারক্যাব’ এবার চালকহীন রোবোট্যাক্সি হিসেবে যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে চলতি মাসেই গাড়িটির বাণিজ্যিক কার্যক্রম শুরুর পরিকল্পনা করছে ইলন মাস্কের প্রতিষ্ঠানটি।
টেসলা এখনো আনুষ্ঠানিকভাবে সাইবারক্যাবের বাণিজ্যিক যাত্রার ঘোষণা দেয়নি। তবে প্রতিষ্ঠানটির রোবোট্যাক্সি বিভাগের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টে শিগগিরই এর কার্যক্রম শুরুর ইঙ্গিত পাওয়া গেছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্টিনে সাইবারক্যাব চালুর প্রস্তুতি নিচ্ছে টেসলা।
প্রাথমিক পর্যায়ে টেসলার নিজস্ব কর্মীদের জন্য গাড়িটি ব্যবহারের সুযোগ দেওয়া হতে পারে। পরে অস্টিনে বর্তমানে চালু থাকা রোবোট্যাক্সি সেবায় সাইবারক্যাব যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তবে বাণিজ্যিকভাবে স্টিয়ারিং হুইল ও পেডেলবিহীন গাড়ি পরিচালনার ক্ষেত্রে নিয়ন্ত্রক অনুমোদন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। যুক্তরাষ্ট্রে এ ধরনের গাড়ি দিয়ে বাণিজ্যিক রোবোট্যাক্সি পরিচালনার জন্য বর্তমানে বিশেষ অনুমোদনের প্রয়োজন হতে পারে।
টেসলার বিদ্যমান রোবোট্যাক্সি বহরে বর্তমানে মডেল ওয়াই ব্যবহার করা হচ্ছে। সেই বহরে সাইবারক্যাব যুক্ত হলে প্রতিষ্ঠানটির স্বয়ংক্রিয় পরিবহন প্রযুক্তির বাণিজ্যিক প্রয়োগে নতুন মাত্রা যোগ হবে।
সাইবারক্যাবের নকশা প্রচলিত গাড়ির তুলনায় বেশ আলাদা। গাড়িটিতে রয়েছে মাত্র দুটি আসন, নেই কোনো স্টিয়ারিং হুইল বা প্রচলিত পেডেল। যাত্রী পরিবহনের জন্যই মূলত গাড়িটি তৈরি করা হয়েছে এবং এর চলাচল সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রযুক্তিনির্ভর।
বড় পরিসরে উৎপাদনের পরিকল্পনা থাকা টেসলার ভবিষ্যৎ গাড়িগুলোর মধ্যে সাইবারক্যাবকে অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। সফলভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারলে চালকবিহীন পরিবহন ব্যবস্থার বিস্তারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বর্তমানে টেসলার রোবোট্যাক্সি সেবা ফ্লোরিডার মিয়ামি, অরল্যান্ডো ও ট্যাম্পার কয়েকটি এলাকায় এবং টেক্সাসের অস্টিন, ডালাস ও হিউস্টনে সীমিত পরিসরে চালু রয়েছে। এসব গাড়িতে টেসলার ‘ফুল সেলফ-ড্রাইভিং’ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রযুক্তিটি উন্নত হলেও স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালানোর ক্ষেত্রে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে।


