৩০ আগস্ট মহাকাশে যাচ্ছে নাসার নতুন টেলিস্কোপ
মহাবিশ্বের অজানা রহস্য অনুসন্ধানে নতুন মহাকাশ টেলিস্কোপ পাঠাতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ‘ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ’ নামের এই অত্যাধুনিক পর্যবেক্ষণযন্ত্রের উৎক্ষেপণের প্রস্তুতি প্রায় শেষ। আগামী ৩০ আগস্ট এটি মহাকাশে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে নাসা।
বাংলাদেশ সময় বিকেল ৫টা ২৬ মিনিটের পর টেলিস্কোপটির উৎক্ষেপণ হতে পারে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯এ থেকে স্পেসএক্সের ফ্যালকন হেভি রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হবে।
বিজ্ঞানবিষয়ক সংবাদমাধ্যম সায়েন্সডেইলির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২১ আগস্ট ফ্লোরিডায় নাসা, রোমান টেলিস্কোপ প্রকল্পের কর্মকর্তা ও স্পেসএক্সের প্রতিনিধিরা ‘ফ্লাইট রেডিনেস রিভিউ’ পরিচালনা করেন। এ সময় মহাকাশযান, রকেট, উৎক্ষেপণকেন্দ্রসহ পুরো মিশনের প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
পর্যালোচনা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উৎক্ষেপণের জন্য মিশনটি শেষ ধাপের প্রস্তুতিতে রয়েছে। বর্তমানে রোমান টেলিস্কোপটি ফ্যালকন হেভি রকেটের বিশেষ সুরক্ষা আবরণের ভেতরে রাখা হয়েছে।
কী খুঁজবে রোমান টেলিস্কোপ?
ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপকে নাসার নতুন প্রজন্মের মহাকাশ পর্যবেক্ষণযন্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর বড় বৈশিষ্ট্য হলো, এটি একই সময়ে আকাশের বিশাল একটি অংশ পর্যবেক্ষণ করতে পারবে।
এর মাধ্যমে মহাবিশ্বের গঠন ও বিবর্তন, এর প্রসারণের কারণ এবং মহাজাগতিক ইতিহাস সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করবেন বিজ্ঞানীরা।
শুধু মহাবিশ্বের বৃহৎ কাঠামো নয়, সৌরজগতের বাইরের গ্রহ বা এক্সোপ্ল্যানেট নিয়েও গবেষণা করবে টেলিস্কোপটি। দূরবর্তী এসব গ্রহের অবস্থান ও বৈশিষ্ট্য সম্পর্কে নতুন তথ্য পাওয়ার আশা করছেন গবেষকরা।
বিশাল আকাশপট একসঙ্গে পর্যবেক্ষণের সক্ষমতার কারণে রোমান টেলিস্কোপ মহাবিশ্বের বিভিন্ন পরিবর্তন ও গঠনকে আগের তুলনায় আরও বিস্তৃতভাবে বিশ্লেষণের সুযোগ দেবে।
নাসার প্রত্যাশা, এই মিশনের মাধ্যমে মহাবিশ্বের ইতিহাস ও বিবর্তন সম্পর্কে মানুষের জ্ঞান আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি দূরবর্তী নক্ষত্র ও এক্সোপ্ল্যানেট নিয়ে গবেষণায়ও নতুন দিগন্ত উন্মোচিত হবে।


