এআই নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বড় বিপর্যয়, ১০০ কোটি প্রাণহানির শঙ্কা বিল গেটসের

এআই নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বড় বিপর্যয়, ১০০ কোটি প্রাণহানির শঙ্কা বিল গেটসের
২৭ সেপ্টেম্বর ২০২৬

যথাযথ নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থা না থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এমন বিপর্যয় ঘটাতে পারে, যাতে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অসৎ উদ্দেশ্যসম্পন্ন ব্যক্তিদের হাতে সর্বাধুনিক এআই প্রযুক্তি গেলে তা বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে।

গেটসের মতে, এআইয়ের সম্ভাব্য ঝুঁকি উপেক্ষা না করে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রযুক্তিটির নিরাপত্তা, নিয়ন্ত্রণ ও নজরদারির কাঠামো তৈরিতে যুক্ত হতে হবে। এ ধরনের নিয়ন্ত্রণ শিল্পখাতের ওপর কিছুটা অতিরিক্ত চাপ তৈরি করলেও এআই উন্নয়নের গতি নাটকীয়ভাবে কমিয়ে দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে ২৩ সেপ্টেম্বর প্রকাশিত যুক্তরাজ্যের অ্যালান টুরিং ইনস্টিটিউটের এক প্রতিবেদনে অত্যাধুনিক বা ‘ফ্রন্টিয়ার’ এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আগামী পাঁচ বছরের মধ্যে মানুষের সব ধরনের জ্ঞানগত কাজে সক্ষমতা ছাড়িয়ে যেতে পারে এমন ‘সুপারইন্টেলিজেন্ট’ এআই তৈরির বাস্তবসম্মত সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, এমন এআই ব্যবস্থা তৈরি হলে তা মানুষের কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারির বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। সাইবার নিরাপত্তা, গণতান্ত্রিক স্থিতিশীলতা, এআইয়ের আচরণগত অসামঞ্জস্য এবং রাসায়নিক ও জৈবিক হুমকিকেও গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটি।

এর আগে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই ফ্রন্টিয়ার এআই উন্নয়নের গতি কমানো, তৃতীয় পক্ষের মূল্যায়ন, অভিন্ন নিরাপত্তা মানদণ্ড এবং ভবিষ্যতে চীনের সঙ্গে আন্তর্জাতিক চুক্তির মতো পদক্ষেপের প্রস্তাব দেন। টিউরিং ইনস্টিটিউটের প্রতিবেদনেও শক্তিশালী এআই ব্যবস্থার ক্ষেত্রে কার্যকর নিয়ন্ত্রণ, যাচাই ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রযুক্তি খাতের বিভিন্ন ব্যক্তির সতর্কবার্তার মধ্যে গেটসের মন্তব্যও নতুন করে এআই নিরাপত্তা ও নিয়ন্ত্রণের বিষয়টি সামনে এনেছে।