থানায় না গিয়েও মিলছে জিডি, ঘরে বসেই পুলিশের সেবা

থানায় না গিয়েও মিলছে জিডি, ঘরে বসেই পুলিশের সেবা
২৯ সেপ্টেম্বর ২০২৬

থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্যবস্থার পাশাপাশি এখন ঘরে বসেই অনলাইনে জিডি করার সুযোগ পাচ্ছেন নাগরিকরা। মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ২৪ ঘণ্টায় যেকোনো সময় অভিযোগ দাখিলের পাশাপাশি আবেদনের অগ্রগতি জানা, তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ এবং জিডির সার্টিফাইড ডিজিটাল কপি সংগ্রহ করা যাচ্ছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে অনলাইন জিডি সেবা চালুর পর ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর রেলওয়ে পুলিশের ২৪টি থানায়ও এ সুবিধা সম্প্রসারণ করা হয়। এর মাধ্যমে দেশের সব থানায় অনলাইন জিডি সেবার আওতা তৈরি হয়েছে।

পুলিশের এ ডিজিটাল সেবায় সময় ও যাতায়াতের খরচ কমার পাশাপাশি থানায় গিয়ে জিডি করার ক্ষেত্রে নাগরিকদের ভোগান্তিও কমছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা মাহিরা নূর জানান, তার এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদ হারিয়ে যাওয়ার পর ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে জিডি করতে পেরেছেন। এতে তাকে থানায় যেতে হয়নি এবং অতিরিক্ত যাতায়াত খরচও হয়নি।

একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হারুন অর রশিদও অনলাইন জিডির সুবিধা পাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, মানিব্যাগ হারিয়ে যাওয়ার পর ক্রেডিট কার্ড ও জাতীয় পরিচয়পত্র পুনরুদ্ধারে জরুরি ভিত্তিতে জিডির প্রয়োজন হয়। অফিসে বসেই কয়েক মিনিটের মধ্যে অনলাইনে জিডি করেন তিনি। পরে অনলাইনেই আবেদনের অগ্রগতি দেখা এবং জিডির কপি সংগ্রহ করেছেন।

এডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. সায়েদুর রহমান বলেন, অনলাইন জিডি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকরা দিন-রাত ২৪ ঘণ্টা সরাসরি পুলিশের কাছে অভিযোগ পাঠাতে পারছেন। হারানো বা প্রাপ্তি সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ধরনের অভিযোগ অনলাইনে দাখিলের সুযোগ রয়েছে।

তিনি বলেন, এর ফলে নাগরিকদের সময় ও যাতায়াতের খরচ দুটোই সাশ্রয় হচ্ছে। একই সঙ্গে মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. আকতার হোসেন বলেন, ডিএমপির ৫০টি থানায় সরাসরি জিডি গ্রহণের পাশাপাশি অনলাইনেও জিডি নেওয়া হচ্ছে। মানুষের কর্মব্যস্ততা ও যাতায়াতের ভোগান্তি বিবেচনায় বাসা, অফিস কিংবা সুবিধাজনক স্থান থেকেই মোবাইল অ্যাপের মাধ্যমে এ সেবা নেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে।

অনলাইনে জিডি করতে জাতীয় পরিচয়পত্র নম্বর, সচল মোবাইল নম্বর ও লাইভ ছবি প্রয়োজন হবে। প্রথমে গুগল প্লে-স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে।

নিবন্ধনের সময় মোবাইলে পাওয়া ওটিপির মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে হবে। একবার নিবন্ধন সম্পন্ন হলে পরবর্তী সময়ে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাপে প্রবেশ করা যাবে।

এরপর অভিযোগের ধরন, সংশ্লিষ্ট জেলা ও থানা নির্বাচন করে ঘটনার স্থান, সময় এবং বিস্তারিত বিবরণ দিতে হবে। অভিযোগের সঙ্গে প্রয়োজনীয় ছবি বা প্রাসঙ্গিক নথির স্ক্যান কপিও যুক্ত করা যাবে।

আবেদন জমা দেওয়ার পর নিজস্ব অ্যাকাউন্ট থেকেই জিডির সর্বশেষ অবস্থা জানা যাবে। একই প্ল্যাটফর্মে তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখার সুযোগও রয়েছে।

প্রক্রিয়া সম্পন্ন হলে জিডির ডিজিটাল কপি ডাউনলোড করে সংরক্ষণ করা যাবে। ফলে হারানো কাগজপত্র, পরিচয়পত্র বা অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী সংক্রান্ত অভিযোগ জানাতে নাগরিকদের সব ক্ষেত্রে থানায় সরাসরি উপস্থিত হওয়ার প্রয়োজন হচ্ছে না।