‘১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ প্রস্তাব মেনে নিল বিএনপি

রাজনীতি
‘১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ প্রস্তাব মেনে নিল বিএনপি
নিউজ ডেস্ক
২৫ জুন ২০২৫

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন—এমন সংবিধানিক বিধান সংযোজনের পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে দলটি সাংবিধানিক নিয়োগে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের প্রস্তাবের বিরোধিতা করেছে, একে সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে অভিহিত করে।

মঙ্গলবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সম্প্রতি জাতীয় ঐকমত্য কমিশনের (সংবিধান সংস্কার) সঙ্গে আলোচনা পর্বের সারসংক্ষেপ তুলে ধরেন। সেখানে প্রধানমন্ত্রী পদে দুইবার দায়িত্ব পালন (মেয়াদ নির্বিশেষে) অথবা সংসদের দুই পূর্ণ মেয়াদের মতো দুটি প্রস্তাব আলোচনায় আসে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএনপি মত দেয়, এসব বিতর্কিত হিসাবের বদলে একজন ব্যক্তি যেন সর্বোচ্চ ১০ বছর এই পদে দায়িত্ব পালন করতে পারেন—এমন সময়সীমা সংবিধানে যুক্ত করাই হবে বাস্তবসম্মত।

সংবিধান সংস্কার কমিশনের একটি প্রস্তাবে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের কথা বলা হয়। বিএনপি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দলটি বলছে, এটি সংবিধান পরিপন্থী এবং ক্ষমতার ভারসাম্য নষ্ট করতে পারে।

বিএনপির সূত্র বলছে, দলটি সংসদে নারীদের জন্য ১০০ আসন সংরক্ষণ এবং উচ্চকক্ষে ১০০ সদস্য রাখার প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে। এছাড়া প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতম দুইজনের মধ্যে কাউকে নির্বাচন করার বিষয়েও বিএনপি ইতিবাচক অবস্থানে রয়েছে।

বিএনপির এই প্রস্তাব দেশীয় রাজনীতিতে ক্ষমতার অপব্যবহার রোধ ও গণতান্ত্রিক রূপান্তরের একটি বার্তা হিসেবেই দেখা যেতে পারে। তবে দলটির এনসিসি বিরোধিতা নতুন বিতর্ক তৈরি করতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।