তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক বার্তা শি জিনপিংয়ের
শি জিনপিং বলেছেন, তাইওয়ান প্রশ্নই চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইস্যু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, বৈঠকে শি জিনপিং স্পষ্টভাবে বলেন, তাইওয়ান ইস্যু সঠিকভাবে পরিচালিত হলে দুই দেশের মধ্যে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা সম্ভব। তবে ভুলভাবে সামাল দিলে তা সংঘাত এমনকি সরাসরি বিরোধের ঝুঁকি তৈরি করতে পারে।
চীনা প্রেসিডেন্ট বলেন, “তাইওয়ান প্রশ্ন ঠিকভাবে পরিচালিত হলে সম্পর্ক স্থিতিশীল থাকবে, অন্যথায় সংঘর্ষের আশঙ্কা বাড়বে।”
তিনি আরও বলেন, তাইওয়ানের স্বাধীনতা এবং তাইওয়ান প্রণালিতে শান্তি—এই দুই বিষয় “আগুন ও পানির মতো একে অপরের বিপরীত”।
দীর্ঘদিন ধরেই চীন তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে। বেইজিং মনে করে, দ্বীপটির স্বাধীনতার যেকোনো উদ্যোগ চীনের সার্বভৌমত্বের জন্য হুমকি।


