আইসিসি সফর নিয়ে গুঞ্জনের জবাব তামিমের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন আলোচনা-সমালোচনার মধ্যেই আইসিসি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে ছড়ানো গুঞ্জনের জবাব দিয়েছেন অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল।
আগামী ৭ জুন বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে তামিমের আইসিসির একটি সভায় অনুপস্থিতি এবং পরবর্তীতে আইসিসি প্রতিনিধি দলের ঢাকা সফর নিয়ে নানা জল্পনা তৈরি হয়। তবে এসব গুঞ্জনের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন তামিম।
তিনি বলেন, আইসিসি প্রতিনিধি দল বাংলাদেশে এসে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেছে। নির্বাচন কমিশনের সদস্যদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া নিয়েও কথা হয়েছে। একইভাবে তার সঙ্গেও আলোচনা করেছে প্রতিনিধি দল।
তামিমের ভাষ্য, আইসিসি কর্মকর্তারা জানিয়েছেন তারা বিভিন্ন পক্ষের মতামত সংগ্রহ করে নিজেদের মধ্যে আলোচনা করবেন। এ প্রক্রিয়াকে সম্মান জানানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আইসিসি সফরকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে তামিম বলেন, “মাঝখানে যেসব রিউমার ছড়িয়েছে, সেগুলো আইসিসিই পরিষ্কার করে দিয়েছে। এ ধরনের কোনো আলোচনা বা বার্তা কাউকে দেওয়া হয়নি।”
বিসিবি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অতীত নির্বাচন নিয়ে তিনি সমালোচনা করলেও কখনও কোনো ব্যক্তিকে লক্ষ্য করে মন্তব্য করেননি। বরং নির্বাচন প্রক্রিয়া ও পদ্ধতি নিয়েই তার বক্তব্য ছিল।
তামিম আরও বলেন, “প্রত্যেকের সম্মান তার নিজ নিজ জায়গায় রয়েছে। আমাদের সেই সম্মান বজায় রাখা উচিত। মত প্রকাশের অধিকার সবার আছে, তবে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকলে সেটি সবার জন্যই ভালো।”
ক্রিকেটারদের নিয়ে সাম্প্রতিক কিছু মন্তব্যের দিকেও ইঙ্গিত করে তিনি বলেন, খেলোয়াড়দের সম্পর্কে কীভাবে কথা বলা হচ্ছে, তা সবাই দেখেছেন। তাই মতামত প্রকাশের ক্ষেত্রে সংযম ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান তিনি।


