আজকের ফুটবলে ফ্রান্স-সেনেগাল লড়াই, নরওয়ের মুখোমুখি ইরাক

খেলাধুলা
আজকের ফুটবলে ফ্রান্স-সেনেগাল লড়াই, নরওয়ের মুখোমুখি ইরাক
নিউজ ডেস্ক
১৬ জুন ২০২৬

বিশ্বকাপ ফুটবারের ‘আই’ গ্রুপের লড়াই শুরু হচ্ছে আজ। প্রথম দিনেই মাঠে নামছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং এবারের শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্স। তাদের প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী দল সেনেগাল। নিউইয়র্ক-নিউজার্সিতে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে রাত ১টায়।

বিশ্বকাপের ইতিহাসে চারবার ফাইনাল খেলে দুটি শিরোপা জিতেছে ফ্রান্স। সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক সাফল্য পাওয়া দলটি টানা দুই আসরে ফাইনাল খেলার অভিজ্ঞতা নিয়ে এবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে। আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের মতো তারকাদের উপস্থিতি ফরাসিদের শক্তি আরও বাড়িয়েছে।

প্রধান কোচ দিদিয়ের দেশমের জন্যও এবারের বিশ্বকাপ বিশেষ তাৎপর্যপূর্ণ। খেলোয়াড় ও কোচ—উভয় ভূমিকায় বিশ্বকাপজয়ী এই কোচ ফ্রান্সের দায়িত্বে শেষ বিশ্বকাপ খেলছেন। বিদায়ের আগে আরও একটি শিরোপা জয়ের লক্ষ্য তার।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অন্যদিকে সেনেগালও আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে। আফ্রিকার অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত ‘তেরেঙ্গা লায়ন্স’রা অতীতে বিশ্বকাপে চমক দেখিয়েছে। সাদিও মানেকে ঘিরে গড়া দলটি এবারও শক্তিশালী প্রতিপক্ষের সামনে নিজেদের সামর্থ্য প্রমাণে প্রস্তুত।

গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হবে নরওয়ে ও ইরাক। বোস্টনে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে সামনে রেখে নরওয়েকে ম্যাচের ফেবারিট ধরা হলেও দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপে ফেরা ইরাকও লড়াকু পারফরম্যান্স উপহার দিতে চায়।

বিশ্বকাপের শুরুতেই ‘আই’ গ্রুপে দুই ভিন্ন মেরুর লড়াই ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি উত্তেজনা নিয়ে আসছে।