চার গোলের বিধ্বংসী জয়ে তিউনিসিয়ার বিশ্বকাপ স্বপ্ন শেষ করল জাপান

খেলাধুলা
চার গোলের বিধ্বংসী জয়ে তিউনিসিয়ার বিশ্বকাপ স্বপ্ন শেষ করল জাপান
নিউজ ডেস্ক
২১ জুন ২০২৬

বিশ্বকাপের গ্রুপ পর্বে আরেকটি দাপুটে পারফরম্যান্স উপহার দিল জাপান। মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে তিউনিসিয়াকে ৪-০ গোলে পরাজিত করে নকআউট পর্বের পথে বড় পদক্ষেপ নিয়েছে এশিয়ার প্রতিনিধিরা। একই সঙ্গে টানা দ্বিতীয় পরাজয়ে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেছে আফ্রিকার দলটির।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে জাপান। ম্যাচের চতুর্থ মিনিটে দাইচি কামাদার গোলে এগিয়ে যায় তারা। এই গোলের পর আত্মবিশ্বাস আরও বেড়ে যায় জাপানি ফুটবলারদের, আর তিউনিসিয়া পড়ে যায় চাপে।

প্রথমার্ধের ৩১ মিনিটে আয়াসে উয়েদা ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের ভেতর থেকে নেওয়া তার নিখুঁত শটে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় জাপান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে জাপান। ৬৯ মিনিটে জুনিয়া ইতো তৃতীয় গোল করে প্রতিপক্ষের শেষ আশাটুকুও নিভিয়ে দেন। এরপর ৮৩ মিনিটে আবারও গোল করে ব্যক্তিগত জোড়া গোল পূর্ণ করেন উয়েদা এবং দলের বড় জয় নিশ্চিত করেন।

পুরো ম্যাচে বলের দখল, দ্রুত পাস আদান-প্রদান ও ধারালো আক্রমণে তিউনিসিয়াকে কোনো সুযোগই দেয়নি জাপান। অন্যদিকে রক্ষণভাগের দুর্বলতা ও আক্রমণে নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে বড় ব্যবধানে হার এড়াতে পারেনি আফ্রিকার দলটি।

এই জয়ের ফলে গ্রুপে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে জাপান এবং শেষ ষোলোর সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল করেছে। বিপরীতে টানা দুই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ায় তিউনিসিয়ার শেষ ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতা।