মেসি বনাম স্পেনের তরুণ শক্তি, কার হাতে উঠবে জয়ের মুকুট?

খেলাধুলা
মেসি বনাম স্পেনের তরুণ শক্তি, কার হাতে উঠবে জয়ের মুকুট?
১৯ জুলাই ২০২৬

বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি জয়ের লড়াইয়ে আজ মুখোমুখি দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। একদিকে লিওনেল মেসির অভিজ্ঞতা, নেতৃত্ব ও শেষ বিশ্বকাপ অভিযানের আবেগ; অন্যদিকে লামিনে ইয়ামালের নেতৃত্বে তারুণ্য, গতি ও আধুনিক ফুটবলের ঝলক। ফলে আজকের ফাইনাল কেবল একটি শিরোপা নির্ধারণী ম্যাচ নয়, এটি যেন দুই প্রজন্মের শ্রেষ্ঠত্বের লড়াই।

বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে মহারণ। প্রায় ৮৫ হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করবেন, আর বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকবে টেলিভিশনের পর্দায়। ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ দুই দলের এই লড়াইকে ইতোমধ্যেই এবারের বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ হিসেবে দেখা হচ্ছে।

সবচেয়ে বেশি আলোচনায় দুই তারকা—লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা নিয়ে মেসি আরেকটি বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন। অন্যদিকে মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত নাম ইয়ামাল, যার সামনে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ফাইনালের আগে প্রতিপক্ষের তরুণ তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন মেসি। তিনি বলেন, “লামিন বিশ্ব ফুটবলের নতুন তারকা। তার সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে, ইতিহাস গড়ার অনেক সুযোগ রয়েছে। তবে আমরাও আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

ফুটবল দর্শনের দিক থেকেও ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে। লাতিন আমেরিকার আবেগ, লড়াকু মানসিকতা ও ব্যক্তিগত নৈপুণ্যের প্রতিনিধিত্ব করছে আর্জেন্টিনা। অন্যদিকে স্পেন নামছে তাদের ঐতিহ্যবাহী পজেশনভিত্তিক টিকিটাকা ফুটবল ও দলীয় সমন্বয়ের শক্তি নিয়ে।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টে নানা বাধা পেরিয়ে ফাইনালে উঠেছে। দলটির সবচেয়ে বড় শক্তি অভিজ্ঞতা। মেসির পাশাপাশি লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ গুরুত্বপূর্ণ সময়ে অবদান রেখেছেন। তবে ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতায় এখনো মেসিই দলের সবচেয়ে বড় ভরসা।

অন্যদিকে স্পেনও দুর্দান্ত ছন্দে রয়েছে। সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত দলটি। মিকেল ওয়ারজাবাল, অধিনায়ক রদ্রি, মার্ক কুকুরেয়াসহ তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া দলটি মেসিকে থামানোর পরিকল্পনা নিয়েই মাঠে নামবে।

পরিসংখ্যান বলছে, স্পেন এর আগে একবার বিশ্বকাপ জিতেছে, আর আর্জেন্টিনা শিরোপা জিতেছে তিনবার। তবে ফাইনালের মঞ্চে অতীতের হিসাব খুব একটা গুরুত্ব পায় না। শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণ হবে ৯০ মিনিট, প্রয়োজনে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারের লড়াইয়ে।

এখন প্রশ্ন একটাই—মেসির হাত ধরেই কি আবারও বিশ্বকাপ ট্রফি উঠবে আর্জেন্টিনার হাতে, নাকি লামিনে ইয়ামালের নেতৃত্বে নতুন এক যুগের সূচনা করবে স্পেন? উত্তর মিলবে আজকের ফাইনালের শেষ বাঁশি বাজার পর।