জুলাই চেতনাকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে হবে: রিজভী

দেশজুড়ে
জুলাই চেতনাকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে হবে: রিজভী
১৬ আগস্ট ২০২৬

জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশে বহুদলীয় গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনোভাবেই ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (১৬ আগস্ট) সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জুলাই ছিল দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা ও পরিবর্তনের দাবি আরও স্পষ্ট হয়েছে। তাই জুলাইয়ের চেতনাকে শুধু স্মরণ করলেই হবে না, তা রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থায় বাস্তবায়ন করতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করতে হবে। এর মাধ্যমে ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

দেশে ফ্যাসিবাদের সমর্থকরা এখনো সক্রিয় রয়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, তারা বিপুল অর্থ ব্যয় করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তবে ইতিহাসের দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, এভাবে কোনো পতিত স্বৈরাচারের ফিরে আসা সম্ভব নয়।

রিজভী আরও বলেন, গণতন্ত্রকে টেকসই করতে হলে রাজনৈতিক দলগুলোর সহাবস্থান নিশ্চিত করার পাশাপাশি জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ ও প্রফেসর লুৎফর রহমান।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা এবং বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।