খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি, পালিয়ে গেছেন শেখ হাসিনা: রিজভী

রাজনীতি
খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি, পালিয়ে গেছেন শেখ হাসিনা: রিজভী
১৭ আগস্ট ২০২৬

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও রাজনৈতিকভাবে পরাজিত হননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। একই সঙ্গে শেখ হাসিনা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর নীলক্ষেতে আইসিএমএ ভবন অডিটোরিয়ামে ‘মহীয়সী বেগম খালেদা জিয়া—ঐক্য, সংহতি ও আলোকিত দ্বীপ’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন রিজভী।

খালেদা জিয়ার কারাবাসের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে শেখ হাসিনা তাকে একটি পরিত্যক্ত কারাগারে বন্দি করে রেখেছিলেন। সেখানে তার যথাযথ চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয়নি বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রিজভী বলেন, খালেদা জিয়া জীবনের শেষ পর্যন্ত রাজনৈতিক সংগ্রামে অবিচল ছিলেন। তার মৃত্যু হলেও রাজনৈতিকভাবে তিনি বিজয়ী হয়েছেন। অন্যদিকে শেখ হাসিনা পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও সংগ্রামের মূল্যায়ন করতে গিয়ে রিজভী বলেন, তার জীবন, শাসনামল, নেতৃত্ব, সংগ্রাম এবং রাজনৈতিক নিপীড়নের পুরো ইতিহাস অল্প সময়ে তুলে ধরা সম্ভব নয়।

তিনি মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, মানুষ মৃত্যুবরণ করলেও পরাজিত হয় না। তার ভাষায়, ইতিহাসে এমন কিছু মানুষের জন্ম হয়, যারা যুগে যুগে নয়, বরং শতাব্দীতে একবার আসেন।

রিজভীর মতে, খালেদা জিয়া ছিলেন তেমনই একজন বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব। গত বছরের ৩০ ডিসেম্বর তার মৃত্যু হলেও রাজনৈতিক আদর্শ ও সংগ্রামের কারণে তিনি পরাজিত হননি বলে দাবি করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা দেবে। নিজের জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি প্রতিবাদের একটি দৃষ্টান্ত রেখে গেছেন বলেও মন্তব্য করেন রিজভী।

রাজনীতিতে সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক দলের নেতাদের আলোকিত করতে সংস্কৃতির চর্চা প্রয়োজন। একজন রাজনীতিকের শিল্প, গান, কবিতা ও চিত্রকলার প্রতি আগ্রহ থাকা উচিত। এসব গুণের অনুপস্থিতিতে কেউ ক্ষমতাবান বা প্রভাবশালী হতে পারেন, কিন্তু ভালো রাজনীতিবিদ হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তার, ডা. জহুরুল হক, বিএনপি নেতা শিপন খানসহ অন্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন শামীম রাব্বি সঞ্চয়।