গ্যাস-বিদ্যুৎ সংকট ও দলীয় নিয়োগ ইস্যু
উত্তাপ ছড়ানোর আভাসে বিকেলে শুরু হচ্ছে সংসদের তৃতীয় অধিবেশন
জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ নানা ইস্যু ও জনদুর্ভোগের বিষয় সামনে রেখে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এবারের অধিবেশনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।
অধিবেশনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং ঘন ঘন লোডশেডিংয়ের মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সরব হওয়ার প্রস্তুতি নিয়েছে বিরোধী দল। পাশাপাশি প্রশাসনে বিতর্কিত দলীয় নিয়োগের অভিযোগ নিয়েও বিরোধী দলের সংসদ সদস্যরা প্রশ্ন তুলতে পারেন বলে জানা গেছে।
সংসদ ভবন ঘিরে কঠোর নিরাপত্তা
অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শেরেবাংলা নগরসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
প্রশাসন জানিয়েছে, বুধবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে।
সংসদ ভবন এলাকায় অনাকাঙ্ক্ষিত জনসমাগম ঠেকানোর পাশাপাশি অস্ত্র ও বিস্ফোরক বহরের ওপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে নজরদারি
নিরাপত্তা নিশ্চিত করতে শেরেবাংলা নগর, ফার্মগেট, বিজয় সরণি, বাংলামটর ও শ্যামলী মোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত চেকপোস্ট বসানোর পাশাপাশি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।
সংসদ ভবনের নিরাপত্তা ও অধিবেশনের শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করে আইন ভঙ্গ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
বিরোধীদের নজরে জনদুর্ভোগ
এবারের অধিবেশনে জনদুর্ভোগের বিভিন্ন বিষয় বিশেষ গুরুত্ব পেতে পারে। বিদ্যুৎ ও গ্যাসের সংকট, ঘন ঘন লোডশেডিং এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কাছে জবাব চাইতে পারেন বিরোধী দলের সংসদ সদস্যরা।
একই সঙ্গে প্রশাসনে দলীয় বিবেচনায় নিয়োগের অভিযোগও সংসদে আলোচনায় আসতে পারে। ফলে শুরু থেকেই নানা ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন।


