ইন্তেকাল করেছেন মসজিদুল হারামের মুয়াজ্জিন ইব্রাহিম আল মাদানি

ধর্ম
ইন্তেকাল করেছেন মসজিদুল হারামের মুয়াজ্জিন ইব্রাহিম আল মাদানি
২১ সেপ্টেম্বর ২০২৬

পবিত্র মক্কার মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি আর নেই। সোমবার (২১ সেপ্টেম্বর) ফজরের সময় মক্কা নগরীতে তিনি ইন্তেকাল করেন। হারামাইন শরীফাইনের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর খবর জানানো হয়েছে।

শায়খ ইবরাহিম আল-মাদানি মসজিদুল হারামের মুকাব্বিরিয়ার অন্যতম সদস্য ছিলেন। মসজিদুল হারামে নিয়মিত ২৪ জন মুয়াজ্জিন দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে প্রতিদিন ছয়জন পাঁচ ওয়াক্ত নামাজের আজান এবং ফজরের প্রথম আজান দেওয়ার দায়িত্বে থাকেন। ফজরের আজান ও তাকবিরের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন শায়খ ইবরাহিম মাদানি।

জানা গেছে, মসজিদুল হারামে তার সর্বশেষ আজান ছিল ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরিতে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শায়খ ইবরাহিম আল-মাদানি ১৩৯৭ হিজরিতে মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবেই তিনি পবিত্র কোরআন হিফজ করেন। মাত্র ১৫ বছর বয়সে মদিনার একটি স্থানীয় মসজিদে আজান দেওয়ার মধ্য দিয়ে তার মুয়াজ্জিন জীবনের সূচনা হয়।

পরবর্তীতে ১৪২৮ হিজরিতে মদিনার মসজিদ আল-মাদ্দাহতে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘদিনের অভিজ্ঞতার পর ১৪৩৯ হিজরিতে তাকে আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মসজিদুল হারামে দীর্ঘ সময় আজান ও তাকবিরের দায়িত্ব পালন করে মুসলিমদের কাছে পরিচিত হয়ে ওঠেন শায়খ ইবরাহিম মাদানি। তার কণ্ঠে ফজরের আজান ও তাকবিরের সঙ্গে পরিচিত ছিলেন অনেক মুসল্লি।

তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়ার পর সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।